বদরগঞ্জে লাইনচ্যুত দোলনচাঁপা ট্রেন, মারধরের শিকার চালক ও গার্ড
দুর্ঘটনার পর পার্বতীপুর-রংপুর রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে
রংপুর জেলা প্রতিনিধি · বদরগঞ্জ, রংপুর
প্রকাশ:
রংপুরের বদরগঞ্জে আন্তনগর দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। আজ শনিবার সন্ধ্যা ছয়টার দিকে বদরগঞ্জ রেলওয়ে স্টেশনের পাশে ট্রেনটি লাইনচ্যুত হয়, যার ফলে পার্বতীপুর-রংপুর রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।
বিজ্ঞাপন
রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে, সান্তাহার থেকে পঞ্চগড়ের দিকে যাচ্ছিল ট্রেনটি। দুর্ঘটনার পর কয়েকজন যাত্রী ট্রেনের চালক রফিকুল ইসলাম ও গার্ড বজলুর করিমকে (৫৫) মারধর করেছেন বলে খবর পাওয়া গেছে। তবে এ ঘটনায় কেউ আহত হয়েছেন কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
ট্রেনের যাত্রী মাজেদ আলী বলেন, ‘আউলিয়াগঞ্জ স্টেশন পার হওয়ার পর মনে হয়েছে ট্রেনটিতে ত্রুটি দেখা দিয়েছে। অনেক শব্দ হচ্ছিল। বদরগঞ্জে এসে একটি বগি লাইনচ্যুত হয়।’ এ ঘটনার পর যাত্রীরা বিকল্প উপায়ে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়েছেন বলে জানিয়েছেন বদরগঞ্জ স্টেশন মাস্টার ইমরুল কায়েস।
ইমরুল কায়েস আজ রাত সাড়ে আটটার দিকে জানান, রেললাইনের ওপর বাঁশ ও খড়ি রাখার কারণে ট্রেনটি লাইনচ্যুত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তিনি আরও বলেন, পার্বতীপুর থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছালে লাইনচ্যুত বগি সরিয়ে ট্রেন চলাচল পুনরায় স্বাভাবিক করা হবে।