ডেকোরেটরের কাজের সময় তিন যুবক মদ্যপান করে, অসুস্থ হয়ে দুজনের মৃত্যু
অসুস্থ অবস্থায় আরও একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন
গোপালগঞ্জ জেলা প্রতিনিধি · কোটালীপাড়া, গোপালগঞ্জ
প্রকাশ:
গোপালগঞ্জের কোটালীপাড়ায় মদ্যপানের পর অসুস্থ হয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। গত শনিবার ও গতকাল রোববার ঢাকার দুটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয়। এই ঘটনায় অসুস্থ আরও এক যুবক বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বিজ্ঞাপন
মৃত ব্যক্তিরা হলেন কোটালীপাড়া উপজেলার দিঘলিয়া গ্রামের মহেন্দ্র হালদারের ছেলে মনোতোষ হালদার (৩৮) এবং গেদু বাড়ৈয়ের ছেলে কৃষ্ণকান্ত বাড়ৈ (৩৪)। অসুস্থ অনিল বাড়ৈ (৪৫) একই গ্রামের বাসিন্দা এবং তিনি ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
পরিবারের সদস্যদের ভাষ্যমতে, ১৬ অক্টোবর রাতে মনোতোষ, কৃষ্ণকান্ত ও অনিল একসঙ্গে মদ্যপান করেন এবং কয়েক ঘণ্টা পর অসুস্থ হয়ে পড়েন। প্রথমে তাঁদের কোটালীপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, পরে শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকায় পাঠানো হয়। শনিবার ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মনোতোষ হালদার মারা যান এবং গতকাল শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে কৃষ্ণকান্ত বাড়ৈয়ের মৃত্যু হয়।
কৃষ্ণকান্ত বাড়ৈয়ের ভাই বিষ্ণু বাড়ৈ জানান, দুর্গাপূজা উপলক্ষে ডেকোরেটরের কাজ করতে তাঁরা পাশের খাগবাড়ি গ্রামে গিয়েছিলেন। সেখানে মদ্যপানের পর কৃষ্ণকান্ত অসুস্থ হয়ে পড়েন এবং পরে তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ করা হয়নি বলে তিনি জানান।
মনোতোষ হালদারের ভাই উত্তম হালদার বলেন, ডেকোরেটরের কাজ করতে গিয়ে তাঁর ভাই কিছু পান করেছিলেন, যার পর তিনি অসুস্থ হয়ে পড়েন এবং শনিবার ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান। কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ জানান, এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি, তবে অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।