হাতীবান্ধা সীমান্তে আলো জ্বালিয়ে, ড্রোন দিয়ে রাতভর বাঘ পাওয়া গেল কি
সীমান্ত এলাকায় বন্য প্রাণীর আক্রমণে তিনজন আহত হওয়ার পর ড্রোন ও টর্চলাইট ব্যবহার করে উদ্ধারের চেষ্টা চলছে
লালমনিরহাট জেলা প্রতিনিধি · হাতীবান্ধা, লালমনিরহাট
প্রকাশ:
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার আমঝোল সীমান্তে বন্য প্রাণীর আক্রমণে তিনজন আহত হওয়ার ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে। গতকাল রোববার সন্ধ্যা থেকে বিজিবি ও বন বিভাগের সমন্বয়ে প্রাণীটিকে শনাক্ত ও উদ্ধারের কার্যক্রম শুরু হয়। তবে আজ সোমবার সকাল ১১টা পর্যন্ত প্রাণীটিকে আটক করা সম্ভব হয়নি।
বিজ্ঞাপন
লালমনিরহাট ১৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গতকাল সন্ধ্যার আগে ও পরে আমঝোল সীমান্তের বাংলাদেশ অংশে বিজিবি ৪ থেকে ৫টি ফাঁকা গুলি ছোড়ে। ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার গোপালপুর ৭৮ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ডারকে বিষয়টি অবহিত করা হয়েছে। স্থানীয়রা আক্রান্ত হওয়ায় প্রয়োজনবোধে বিজিবি তাদের এলাকায় গুলি চালাতে পারে, সে বিষয়েও বিএসএফকে জানানো হয়েছে।
ঢাকা থেকে আগত বন্য প্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ টিমের চার সদস্য এবং লালমনিরহাট, হাতীবান্ধা ও রংপুরের ১১ কর্মকর্তা-কর্মচারী রোববার সন্ধ্যা থেকে উত্তর আমঝোল এলাকায় সরেজমিনে কাজ করছেন। বিজিবির পক্ষ থেকে ড্রোন ব্যবহার করে প্রাণীটিকে শনাক্তের চেষ্টা চালানো হচ্ছে এবং এলাকায় সতর্কতামূলক মাইকিং করা হয়েছে। গতকাল সন্ধ্যার পর থেকে স্থানীয় লোকজন টর্চ ও মুঠোফোনের আলো নিয়ে রাতভর এলাকাটিতে অবস্থান করেন।
লালমনিরহাট ১৫ বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৫ অক্টোবর বিকেল আনুমানিক পাঁচটার দিকে বনচৌকি বিওপির দায়িত্বপূর্ণ এলাকার উত্তর আমঝোলে সীমান্ত পিলার ৯০৫/১১ এস থেকে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের ভেতরে এই হামলার ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা শরিফা বেগম (৩০) তাঁর হারিয়ে যাওয়া ছাগল খুঁজতে ধানখেতের কাছে গেলে আকস্মিকভাবে বাঘের আক্রমণের শিকার হন। তাঁর চিৎকার শুনে লোকজন এগিয়ে এলে বাঘটির আক্রমণে আরও দুজন আহত হন।
বিজিবি জানায়, ঘটনার পর টহল দলের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জনসাধারণের নিরাপত্তার স্বার্থে ফাঁকা গুলি ছোড়েন। এতে বাঘটি ঘটনাস্থল ত্যাগ করে পাশের জঙ্গলে আশ্রয় নেয়। প্রাণীটিকে নিরাপদে উদ্ধার এবং আবারও লোকালয়ে প্রবেশের ঝুঁকি এড়াতে বিজিবি অধিনায়ক জেলা প্রশাসনের মাধ্যমে বন বিভাগকে বিষয়টি অবহিত করেন।
বিজ্ঞাপন
লালমনিরহাট জেলা সামাজিক বনায়ন, নার্সারি ও প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান বলেন, 'যে স্থানে বাঘটিকে ছাগলের ওপর আক্রমণ করতে দেখা গেছে, সেই স্থান পরিদর্শন করে আক্রান্ত মৃত ছাগলের দেহে আঘাতের ধরন ও গভীরতা পর্যবেক্ষণ করা হয়েছে। প্রাথমিকভাবে প্রাণীটিকে চিতাবাঘ বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে তথ্য-উপাত্ত সংগ্রহ, বিশ্লেষণ ও অনুসন্ধানের কাজ চলছে।'