ফতুল্লায় স্বামীর বাসা থেকে কুবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
নিহত ফারজানা ইসলামের স্বামী নাজমুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ
নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি · নারায়ণগঞ্জ
প্রকাশ:
নারায়ণগঞ্জের ফতুল্লার ভুঁইগড় এলাকার একটি বাসা থেকে গতকাল শনিবার রাত ১১টার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফারজানা ইসলামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ফারজানা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের ২০১৯–২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।
বিজ্ঞাপন
নিহত ফারজানার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার পাহাড়িয়াকান্দি গ্রামে। তাঁর স্বামী নাজমুল ইসলাম একই বিভাগের ২০১৬–১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং নারায়ণগঞ্জের একটি ফার্মাসিউটিক্যালস কোম্পানিতে উৎপাদন নির্বাহী হিসেবে কর্মরত। নাজমুলের গ্রামের বাড়ি চাঁদপুরের কচুয়া উপজেলার আশ্রাফপুর এলাকায় এবং চাকরির সুবাদে তিনি ফতুল্লায় ভাড়া বাসায় থাকতেন।
পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। তিনি আরও বলেন, ‘আমরা ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করেছি। ফারজানার স্বামীকে আটক করা হয়েছে। আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলার প্রস্তুতি চলছে।’
ফারজানার ভাই আরিফুল ইসলাম জানান, তিন বছর আগে বিয়ের পর থেকে নাজমুল বিভিন্ন সময় টাকা দাবি করতেন এবং ফারজানাকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। বিভিন্ন সময় নাজমুলকে পাঁচ থেকে সাত লাখ টাকা দেওয়া হলেও নির্যাতন বন্ধ হয়নি। গতকাল সন্ধ্যা ছয়টার দিকে ফারজানার সঙ্গে তাঁর সর্বশেষ কথা হয় এবং তখন সবকিছু স্বাভাবিক ছিল বলে জানান আরিফুল।
ফারজানার বাবা রফিকুল ইসলাম বলেন, ‘মেয়েকে নির্যাতন করার কারণে নাজমুলের বিরুদ্ধে মামলা করেছিলাম। পরে নাজমুল ও তার পরিবার ভবিষ্যতে নির্যাতন করবে না—এমন আশ্বাস পেলে আমরা মামলা প্রত্যাহার করে নিই। গত শুক্রবার সন্ধ্যায় মামলা প্রত্যাহারের বিষয়টি নাজমুলের পরিবার জানতে পারে। এরপর আমার মেয়েকে শ্বাসরোধে হত্যা করে ওড়না দিয়ে সিলিং ফ্যানের সঙ্গে লাশ ঝুলিয়ে রাখে। আমি আমার মেয়ের হত্যার বিচার চাই।’
বিজ্ঞাপন
নিহত শিক্ষার্থীর সহপাঠী নাজমুন নাহার বলেন, ফারজানা আত্মহত্যা করার মতো মেয়ে নন। তিনি জানান, আজ রোববার ফারজানার একটি প্রেজেন্টেশন ছিল এবং আগামী ১৫ নভেম্বর থেকে তাঁদের সেমিস্টার ফাইনাল পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। পুলিশ হেফাজতে থাকায় অভিযুক্ত নাজমুল ইসলামের বক্তব্য পাওয়া যায়নি।