চট্টগ্রাম থেকে উড়ে এল শিউলি, জন্মদিনে ‘ফারজানা’ পরীমনির চমক
চট্টগ্রাম থেকে উড়োজাহাজে এল শিউলি ফুল, জমকালো আয়োজনে পরীমনির জন্মদিন পালন
ঢাকা জেলা প্রতিনিধি · ঢাকা
প্রকাশ:
শনিবার ২৪ অক্টোবর চিত্রনায়িকা পরীমনির জন্মদিন উপলক্ষে ঢাকার পূর্বাচল এক্সপ্রেসওয়ে এলাকার একটি রেস্টুরেন্টে জমকালো আয়োজনের ব্যবস্থা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাঁর কাছের বন্ধু, সহকর্মী ও সাংবাদিকরা। জন্মদিনের বিশেষ এই আয়োজনে শিউলি ফুলের সাজসজ্জা প্রাধান্য পেয়েছে। এমনকি পরীমনি নিজেও শিউলি ফুলের নকশা করা শাড়ি পরে হাজির হয়েছিলেন।
বিজ্ঞাপন
পরীমনি জানান, তিনি ফেসবুকে শিউলি ফুলের ইচ্ছার কথা জানিয়েছিলেন। একজন অজ্ঞাত ব্যক্তি চট্টগ্রাম থেকে উড়োজাহাজে করে তাঁর জন্য শিউলি ফুল পাঠিয়েছেন। অভিনেত্রী বলেন, ‘শিউলি ফুলের কথা মাথায় রেখেই সব করেছি। ফেসবুকে স্ট্যাটাসও দিয়েছিলাম, কেউ আমাকে অনেকগুলো শিউলি ফুল এনে দাও। কিন্তু এটা আসলে সম্ভবও না। এই ফুল চার-পাঁচ ঘণ্টাও ঠিক রাখা যায় না। কিন্তু একজন আমাকে চট্টগ্রাম থেকে ফ্লাইটে করে শিউলি ফুল পাঠিয়েছে।’
অনুষ্ঠানে তারেক রহমান পরিচালিত ‘ফারজানা’ নামের নতুন একটি সিনেমার ঘোষণা দেন পরীমনি। সিনেমাটির শুটিং প্রায় শেষের দিকে বলে জানিয়েছেন তিনি। অভিনেত্রী বলেন, ‘জন্মদিনে একটা সারপ্রাইজ আছে। আমার মনে হয়, আপনারা আমাকে এ বিষয়ে জিজ্ঞেস করবেন। তাই উত্তর ঠিক করে এসেছি। আমার মনে হলো, এটা সুন্দর সময়। এখানে কাজ নিয়েও কথা বলা যায়।’
সিনেমাটির বিষয়ে পরিচালক তারেক রহমান বলেন, ‘আমরা সুন্দর একটা জার্নি শুরু করতে যাচ্ছি। পরীমনির চরিত্রটি স্ট্রাগলিং একজন নারীর। আশা করি, জার্নিটা সুন্দর হবে। আপনারা নতুন পরীমনিকে আবিষ্কার করবেন।’ পরীমনি আরও জানান, ছয় মাস আগেই সিনেমাটির লুক ঠিক করা হয়েছিল এবং কাজ করতে গিয়ে নানা সমস্যার সম্মুখীন হতে হয়েছে।
দীর্ঘদিনের শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে পরীমনি বলেন, ‘শুরু থেকেই সবাই আমাকে যেভাবে ভালোবাসা দিয়েছেন, পাশে থেকেছেন, আশীর্বাদ করেছেন; সবকিছু ছাপিয়ে আমাকে ভালোবেসেছেন, সেই ভালোবাসার জন্য আমি কৃতজ্ঞ। এর বিপরীতে আমি সুন্দর সুন্দর কাজ ছাড়া আর কিছুই দিতে পারব না। সেটাই যেন করতে পারি, দোয়া করবেন।’