শিশুশিল্পী থেকে লাক্স সুপারস্টার চ্যাম্পিয়ন, বর্ণিতার সামনে নতুন দিক
শিহাব শাহীনের ওয়েব সিনেমা 'ক্যাফে আমব্রেলা' দিয়ে ওটিটিতে অভিষেক হচ্ছে রাজশাহীর মেয়ে বর্ণিতার।
বিনোদন ডেস্ক · রাজশাহী
প্রকাশ:
শিশুশিল্পী হিসেবে ক্যারিয়ারের যাত্রা শুরু করেছিলেন বিদুষী বর্ণিতা। এরপর দীর্ঘ বিরতি পেরিয়ে লাক্স সুপারস্টার চ্যাম্পিয়ন হওয়ার মাধ্যমে আবারও পাদপ্রদীপের আলোয় ফিরেছেন তিনি। রাজশাহীর এই তরুণী শিহাব শাহীনের ওয়েব সিনেমা ‘ক্যাফে আমব্রেলা’-তে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন, যা আগামী ২৯ অক্টোবর ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পাবে।
বিজ্ঞাপন
মাত্র তিন বছর বয়সে একটি বিজ্ঞাপনচিত্রে অভিনয়ের মাধ্যমে বর্ণিতার হাতেখড়ি হয়। পরবর্তীতে নাসির উদ্দীন ইউসুফের ‘গেরিলা’ চলচ্চিত্রেও তাকে দেখা গিয়েছিল। তবে মাঝখানে প্রায় ১০ বছর অভিনয়ের জগৎ থেকে দূরে ছিলেন তিনি। বিরতি ভেঙে লাক্স সুপারস্টার চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে ‘ক্যাফে আমব্রেলা’ সিনেমায় অভিনয়ের সুযোগ পান এই অভিনেত্রী।
নিজের চরিত্রটি নিয়ে বিস্তারিত প্রকাশ না করলেও বর্ণিতা জানান, চরিত্রটি তার বাস্তব ব্যক্তিত্বের সঙ্গে একেবারেই মেলে না। তার ভাষায়, ‘আমি যে রকম বা মানুষ হিসেবে আমি যেমন, তার থেকে একদম আলাদা ধরনের চরিত্র করতে চাই।’ তিনি আরও বলেন, ‘তখন মনে হয়েছিল মানুষ আমাকে যেভাবে দেখে এসেছে, তার থেকে ভিন্ন কিছু দিয়ে শুরু করলে হয়তো দর্শকেরা পছন্দ করতে পারেন।’
এই সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব। সহশিল্পী হিসেবে তৌসিফের প্রশংসা করে বর্ণিতা বলেন, ‘অনেক ভালো, অসাধারণ একটা অভিজ্ঞতা ছিল। কারণ, উনি মানুষ হিসেবে অনেক ভালো। একজন বড় ভাইয়ের মতো গাইড করেছেন, আবার বন্ধুর মতো করেও সহযোগিতা করেছেন।’
অভিনয়ের ক্ষেত্রে নিজের পছন্দের বিষয়ে বর্ণিতা বেশ স্পষ্ট। বাণিজ্যিক ধারার বাইরে চ্যালেঞ্জিং ও নিরীক্ষাধর্মী কাজ করতে আগ্রহী তিনি। তিনি বলেন, ‘অডিয়েন্স হিসেবে সব সময় একটু চ্যালেঞ্জিং কাজ দেখতে পছন্দ করি।’ এছাড়া চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের উপযোগী ভিন্নধর্মী গল্প ও নির্মাণশৈলীর কাজের প্রতি তার বিশেষ আগ্রহ রয়েছে। তিনি বলেন, ‘ব্যক্তিগতভাবে ফেস্টিভ্যালের কাজগুলো আমার ভালো লাগে। এগুলো অনেক ডিফারেন্ট হয়, অনেক ইন্টেলেকচুয়াল হয়।’
বিজ্ঞাপন
ওটিটি প্ল্যাটফর্ম নিয়ে বর্ণিতা বেশ আশাবাদী। তার মতে, এই মাধ্যমে গল্প বলার ক্ষেত্রে নিরীক্ষার সুযোগ অনেক বেশি। তবে ভালো চিত্রনাট্য পেলে তিনি টেলিভিশন নাটকেও কাজ করতে রাজি আছেন। আপাতত চলচ্চিত্র ও ওটিটির কাজের দিকেই তার মূল মনোযোগ।
তরুণ এই অভিনেত্রী জয়া আহসানকে নিজের আদর্শ মানেন। জয়ার অভিনয় এবং দেশের বাইরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার বিষয়টি তাকে অনুপ্রাণিত করে। বর্ণিতার পছন্দের পরিচালকদের তালিকায় রয়েছেন ক্রিস্টোফার নোলান, তারেক মাসুদ, মেজবাউর রহমান সুমন, রায়হান রাফী ও তানিম নূর।
সামনের কাজের পরিকল্পনা নিয়ে বর্ণিতা জানান, ‘ক্যাফে আমব্রেলা’র পাশাপাশি রায়হান রাফীর পরিচালনায় আরেকটি সিনেমায় কাজের কথাবার্তা হয়েছে, যার ঘোষণা লাক্সের চূড়ান্ত মঞ্চে দেওয়া হয়েছিল। সিনেমাটির চিত্রনাট্য ও প্রস্তুতি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। এছাড়া বেশ কিছু কাজের প্রস্তাব পেলেও লাক্সের সঙ্গে চুক্তির বাধ্যবাধকতার কারণে আপাতত তিনি সেগুলোতে সাড়া দিতে পারছেন না।