রাজশাহীতে পুকুর থেকে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার
নিখোঁজের একদিন পর মাদ্রাসা মাঠের পাশের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ
রাজশাহী জেলা প্রতিনিধি · রাজশাহী
প্রকাশ:
রাজশাহী নগরের ঐতিহাসিক মাদ্রাসা মাঠের দক্ষিণ পাশের একটি পুকুর থেকে রাফসান বিন আবদুল্লাহ (১৮) নামের এক তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ৯টার দিকে লাশটি পানিতে ভেসে উঠতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। এরপর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে।
বিজ্ঞাপন
নগর পুলিশের মুখপাত্র গাজীউর রহমান জানান, মৃত রাফসান নগরের হোসেনিগঞ্জ বেতপট্টি এলাকার মৃত জাকিরের ছেলে। সোমবার সকালে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে সে নিখোঁজ ছিল। পুলিশ জানায়, রাফসান গত এসএসসি পরীক্ষায় এক বিষয়ে অকৃতকার্য হয়েছিল। সে নিয়মিত খেলাধুলা করত, তবে সাঁতার জানত না। ধারণা করা হচ্ছে, পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে তার মৃত্যু হয়ে থাকতে পারে।
গাজীউর রহমান আরও জানান, লাশ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। তখন শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। লাশে পচন ধরেছিল। মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের জন্য তা রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।