রাজশাহীতে তাফসির মাহফিলে পকেটমারের অভিযোগে ৬৫ নারী আটক
শনিবার বেলা তিনটা পর্যন্ত ঐতিহাসিক মাদ্রাসা মাঠ ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে ডিবি পুলিশ।
রাজশাহী জেলা প্রতিনিধি · রাজশাহী
প্রকাশ:
রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত তাফসির মাহফিলকে কেন্দ্র করে পকেটমারের অভিযোগে ৬৫ নারীকে আটক করেছে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। শনিবার বেলা তিনটা পর্যন্ত মাদ্রাসা মাঠ ও এর আশপাশের এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক হওয়া এই নারীরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজশাহীতে এসেছেন বলে জানা গেছে।
বিজ্ঞাপন
ঘটনার সত্যতা নিশ্চিত করে আরএমপির মিডিয়া মুখপাত্র ও ডিবি প্রধান গাজিউর রহমান জানান, মাহফিলে বিপুল জনসমাগম হওয়ায় পকেটমারের মতো ঘটনা ঘটতে পারে এমন আশঙ্কায় পুলিশের বিশেষ গোয়েন্দা নজরদারি ছিল। তিনি বলেন, 'বিভিন্ন সময়ে সন্দেহজনকভাবে ঘোরাফেরা এবং পকেটমারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৬৫ নারীকে আটক করা হয়।'
আরএমপির এই কর্মকর্তা আরও জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং চক্রের বাকি সদস্যদের ধরতে অভিযান অব্যাহত আছে। ওলামা-মাশায়েখ পরিষদের আয়োজনে শনিবার বিকেল থেকে ঐতিহাসিক মাদ্রাসা মাঠে এই তাফসির মাহফিল শুরু হয়েছে। মাহফিলে ইসলামি আলোচক মিজানুর রহমান আজহারীর প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।
এছাড়া রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর আমির মোহাম্মদ জাহাঙ্গীরের সভাপতিত্বে এই মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে ভূমিমন্ত্রী মিজানুর রহমানের।