২২ বছর পর মায়ের দেখা পেলেন নিয়ামত
দীর্ঘদিন স্মৃতিবিভ্রম নিয়ে পথে পথে ঘোরার পর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ছেলের সঙ্গে পুনর্মিলন হলো মিনারা বেগমের।
রাজশাহী জেলা প্রতিনিধি · রাজশাহী
প্রকাশ:
মায়ের কোনো স্মৃতিই মনে করতে পারেন না ২২ বছর বয়সী নিয়ামত হোসেন। শৈশবে মা হারিয়ে যাওয়ার পর আর কখনো তাঁকে দেখার সুযোগ হয়নি তাঁর। দীর্ঘ ২২ বছর পর সেই মাকে চোখের সামনে পেয়ে নিজেকে আর ধরে রাখতে পারলেন না নিয়ামত। হাসপাতালের বিছানায় মায়ের পাশে শুয়ে শিশুর মতো জড়িয়ে ধরলেন এবং প্রথমবারের মতো উচ্চারণ করলেন ‘মা’ শব্দটি। মায়ের গালে আঁকলেন আদরের চুমু।
বিজ্ঞাপন
দীর্ঘ বিচ্ছেদের পর মা-ছেলের পুনর্মিলনের এই দৃশ্যে দুজনের চোখেই তখন অশ্রু। ছেলের মাথায় হাত বুলিয়ে পরম মমতায় বুকে টেনে নিলেন মা মিনারা বেগম; নিজ হাতে ভাত মেখে তুলে দিলেন ছেলের মুখে। এই দৃশ্য দেখে হাসপাতালের অন্য রোগী ও স্বজনেরাও আবেগাপ্লুত হয়ে ভিড় জমান।
প্রায় ২২ বছর আগে হারিয়ে যাওয়া মিনারা বেগম দীর্ঘদিন স্মৃতিবিভ্রম নিয়ে পথে পথে ঘুরেছেন। শেষ পর্যন্ত হাসপাতালের এক কর্মীর ঐকান্তিক প্রচেষ্টায় তাঁর পরিচয় ও পরিবারের সন্ধান মেলে। আজ শুক্রবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের একটি ওয়ার্ডে মা ও ছেলের এই আবেগঘন পুনর্মিলন ঘটে।
সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা যায়, ৪৮ বছর বয়সী মিনারা বেগমের ডাকনাম মিনু। তাঁর বাড়ি বরিশাল সদর উপজেলার চন্দ্রমোহন গ্রামে। বাকেরগঞ্জ উপজেলার আলমগীর হোসেনের সাথে বিয়ের পর তাঁদের সংসারে এক ছেলে ও এক মেয়ের জন্ম হয়। একপর্যায়ে মিনারার স্মৃতিবিভ্রম দেখা দিলে তিনি বাড়ি থেকে বেরিয়ে যান এবং আর ফেরেননি।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের অজ্ঞাতপরিচয় রোগীদের দেখাশোনা করেন দৈনিক মজুরিভিত্তিক কর্মচারী আলিয়া বেগম। তিনি এসব রোগীর সেবা-যত্নের পাশাপাশি তাঁদের পরিচয় ও ঠিকানা উদ্ধারের চেষ্টা করেন। মিনারা বেগমকে প্রথমে একটি পা ভাঙা অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল, তাঁকে নিয়ে এসেছিলেন এক সেনা কর্মকর্তা। নিজের নাম-ঠিকানা বলতে না পারায় তাঁকে আলিয়ার তত্ত্বাবধানে রাখা হয়। প্রায় দুই মাস চিকিৎসার পর কিছুটা সুস্থ হয়ে মিনারা হাসপাতাল ত্যাগ করেছিলেন।
বিজ্ঞাপন
এর প্রায় ১৫ দিন পর, গত ১৫ অক্টোবর পায়ের অবস্থার অবনতি হলে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা তাঁকে পুনরায় হাসপাতালে নিয়ে আসেন। এরপর থেকে তিনি আলিয়া বেগমের তত্ত্বাবধানে ছিলেন। আলিয়া জানান, মিনারার আঙুলের ছাপ নিয়ে জাতীয় পরিচয়পত্রের তথ্য পাওয়া যায়নি, সম্ভবত তাঁর এনআইডি করা হয়নি। পরে তাঁকে মানসিক রোগের চিকিৎসার আওতায় আনা হয় এবং চিকিৎসার পাশাপাশি ধীরে ধীরে তাঁর স্মৃতি ফিরতে শুরু করে।
আলিয়া বেগম জানান, মিনারা কখনো বরিশালের কথা বলতেন, কখনো বা নিজের ও বাবার নাম মনে করতে পারতেন। মিনারার দেওয়া টুকরা টুকরা তথ্য কাগজে লিখে রাখতেন আলিয়া। এসব তথ্য মিলিয়ে জানা যায়, তাঁর নাম মিনু, বাবার নাম মগরব আলী হাওলাদার এবং মায়ের নাম বিলকিস। গ্রামের নাম চন্দ্রমোহন (চর), থানা বরিশালের কোতোয়ালি। মিনারা মাঝেমধ্যে বলতেন, জলচ্ছ্বাসে ভেসে গিয়ে বেদেপল্লির লোকজনের সাথে দেশের বিভিন্ন জায়গায় ঘুরেছেন। তবে রাজশাহীতে আসা বা পা ভাঙার কারণ তিনি পরিষ্কার করে বলতে পারেননি।
মিনারার দেওয়া ঠিকানার সত্যতা নিয়ে সংশয় থাকায় আলিয়া প্রথমে পুলিশকে বিষয়টি জানান, কিন্তু পুলিশ ঠিকানাটি খুঁজে পায়নি বলে জানায়। পরে গত মঙ্গলবার সন্ধ্যায় আলিয়া স্থানীয় একটি সংবাদপত্রের কার্যালয়ে গিয়ে ঠিকানাটি যাচাইয়ের অনুরোধ করেন। পরদিন দুপুরে বরিশালের এক প্রতিবেদকের মাধ্যমে জানা যায় ঠিকানাটি সঠিক। পাশাপাশি ইসরায়েল পণ্ডিত নামের এক ব্যক্তির ফোন নম্বর দেওয়া হয় মিনারার পরিবারের সাথে যোগাযোগের জন্য।
ইসরায়েল পণ্ডিতকে পুরো ঘটনা জানানো হলে তিনি মিনারার বড় ভাই বাবুলকে ফোন নম্বরটি দেন। পরিচয় নিশ্চিত হওয়ার পর বাবুল হোসেন জানান, মিনারা তাঁর বোন। বাবুল হোসেনের ভাষ্যমতে, বিয়ের পর মিনারার এক ছেলে ও এক মেয়ে হয়। এরপর মানসিক সমস্যা দেখা দিলে একদিন তিনি চট্টগ্রামের মাইজভান্ডারী যাওয়ার কথা বলেন। একপর্যায়ে চাচাতো মামার পিছু নিয়ে তিনি চলে যান এবং এরপর কীভাবে হারিয়ে যান তা আর জানা যায়নি।
বিজ্ঞাপন
বাবুল হোসেন জানান, বোনকে খুঁজতে তাঁরা ঢাকা ও খুলনাসহ বিভিন্ন জায়গায় গেছেন। মিনারার ভাই জলিল একজন প্রকৌশলী, তাঁর সাথে কথা বলে হোয়াটসঅ্যাপে মিনারার ছবি পাঠানো হলে তিনি নিশ্চিত করেন যে, এই নারীই তাঁর বোন। শুক্রবার সকালে মিনারাকে নিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আসেন বড় ভাই বাবুল হোসেন ও ছেলে নিয়ামত হোসেন।
নিয়ামত হোসেন বলেন, ‘আমার বয়স এখন ২২ বছর চলছে। বরিশালে একটি ওষুধ কোম্পানিতে চাকরি করি। মা হারিয়ে যাওয়ার পর বাবা দ্বিতীয় বিয়ে করেন। আমাকে বড় করেছেন দুই ফুফু মমতাজ ও কোহিনুর। দাদিও আমার দেখাশোনা করতেন, তবে তিনি মারা গেছেন। আমার বড় বোন কচি আক্তারও মাত্র আট বছর বয়সে মারা যান।’ জীবনে প্রথম মাকে দেখার অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারছেন না বলে জানান তিনি।
পরিবারের কাছে ফিরতে পেরে আলিয়া বেগমের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন মিনারা। হাসিমুখে আলিয়াকে মিনারা বলেন, ‘বরিশালের ইলিশ খাবি?’ আলিয়া তখন বলেন, ‘প্রথম আলোর সাংবাদিক আজাদ ভাইও বরিশালের ইলিশ খেতে চায়।’ শুনে মিনারা বলেন, ‘খাওয়ামু।’
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মনোরোগ বিভাগের চিকিৎসক জসীম উদ্দিন মিনারার চিকিৎসা করেছেন। তিনি জানান, শারীরিক ও মানসিক চাপের কারণে অনেক সময় মানুষ স্মৃতি হারিয়ে ফেলেন। বর্তমানে মিনারার বাড়ি ফেরার প্রস্তুতি চলছে।