রাজশাহীতে ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা সংরক্ষণের উদ্যোগ
চলচ্চিত্র নির্মাতার স্মৃতিবিজড়িত বসতভিটার অবশিষ্ট অংশ সংরক্ষণের দাবি জানিয়েছেন স্থানীয় সংস্কৃতিকর্মীরা
রাজশাহী জেলা প্রতিনিধি · রাজশাহী
প্রকাশ:
মেঘে ঢাকা তারা, অযান্ত্রিক, তিতাস একটি নদীর নাম ও সুবর্ণরেখার মতো কালজয়ী চলচ্চিত্রের নির্মাতা ঋত্বিক ঘটকের রাজশাহীর পৈতৃক বসতভিটার অবশিষ্ট অংশ নিশ্চিহ্ন করার চেষ্টা চলছে। ২০২৪ সালের আগস্টে গণ–অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতির সুযোগ নিয়ে বাড়িটির বড় অংশ গুঁড়িয়ে দেওয়া হয়েছিল। তখন থেকেই আশঙ্কা ছিল, সংরক্ষণের কার্যকর উদ্যোগ না নিলে ঐতিহাসিক এই স্থাপনার সামান্য চিহ্নও আর অবশিষ্ট থাকবে না।
বিজ্ঞাপন
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত মঙ্গলবার রাজশাহী নগরের ঘোড়ামারা এলাকায় ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটার আরেকটি ঘরের দেয়াল ভেঙে ফেলা হয়েছে এবং দেয়াল ঘেঁষে থাকা একটি বটগাছও কেটে ফেলা হয়েছে। যে ঘরের দেয়ালটি ভাঙা হয়েছে, সেখানে ঋত্বিক ঘটকের প্রতিকৃতি ও নির্মিত চলচ্চিত্রের নাম আঁকা ছিল। চলতি মাসের ৪ তারিখেও সেখানে তাঁর ১০১তম জন্মবার্ষিকী উদ্যাপন করেছেন স্থানীয় সংস্কৃতিকর্মীরা।
২০২৪ সালের পর থেকে এ নিয়ে তিন-চারবার বসতভিটাটি ভাঙার চেষ্টা চালানো হয়েছে। ভাঙার পেছনে রাজশাহী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষের ইন্ধন রয়েছে বলে অভিযোগ রয়েছে। ১৯৮৯ সালে বাড়ির ৩৪ শতাংশ জমি তৎকালীন এরশাদ সরকার রাজশাহী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালকে ইজারা দিলেও ২০২০ সালে বাড়িটি সংরক্ষণের উদ্যোগ নেয় জেলা প্রশাসন। তবে এই উদ্যোগ এখনো বাস্তবায়িত হয়নি।
স্থানীয় সংস্কৃতিকর্মীদের মতে, বারবার ভাঙচুরের শিকার হলেও প্রশাসন উদাসীন ও দায়সারা ভূমিকা পালন করছে। দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে এলেও কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়ায় ঋত্বিক ঘটকের বাড়ি সংরক্ষণ শুরু হচ্ছে না। বিখ্যাত এই ব্যক্তিত্বের স্মৃতিবিজড়িত ভিটা ঐতিহ্যের অংশ হওয়ায় তা জাদুঘর বা সাংস্কৃতিক কেন্দ্রে পরিণত করার দাবি উঠেছে।
সংশ্লিষ্টদের মতে, কোনো স্বার্থান্বেষী গোষ্ঠীর স্বার্থে এই ইতিহাস মুছে ফেলা মেনে নেওয়া যায় না। বাড়িটি সংরক্ষণের উদ্যোগ নেওয়া হলেও জেলা প্রশাসন কেন তা বাস্তবায়ন করছে না, সেই প্রশ্ন উঠেছে। অবিলম্বে জমির ইজারা বাতিল করে ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটার অবশিষ্ট অংশ সংরক্ষণ করে সেখানে ‘চলচ্চিত্র জাদুঘর’ বা ‘চলচ্চিত্র চর্চাকেন্দ্র’ গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে।