রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতাকে মারধরের ঘটনায় তদন্ত কমিটি
সোহরাওয়ার্দী হলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক নেতাকে মারধরের অভিযোগ উঠেছে শাখা ছাত্রদল নেতাদের বিরুদ্ধে।
রাজশাহী জেলা প্রতিনিধি · রাজশাহী
প্রকাশ:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা দেবজয় সরকারকে মারধরের ঘটনায় পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক এস এম কামরুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে শুক্রবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করা হয়। কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. আমীরুল ইসলামকে। কমিটির অন্য সদস্যরা হলেন অধ্যাপক সৈয়দ সরওয়ার জাহান, অধ্যাপক মো. আব্দুল মতিন, অধ্যাপক মো. আতিকুল ইসলাম এবং অধ্যাপক এ নাঈম ফারুকী।
গত বৃহস্পতিবার রাত সোয়া ১১টার দিকে সোহরাওয়ার্দী হলে দেবজয়কে মারধরের অভিযোগ ওঠে শাখা ছাত্রদলের নেতা–কর্মীদের বিরুদ্ধে। অর্থনীতি বিভাগের ২০২০–২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও ওই হলের আবাসিক ছাত্র দেবজয় হল শাখা ছাত্রলীগের সর্বশেষ কমিটির সদস্য ছিলেন, যে কমিটি ২০২৪ সালের ১২ জুলাই বিলুপ্ত ঘোষণা করা হয়। তিনি অর্থনীতি বিভাগের ফুটবল দলের অধিনায়কের দায়িত্বেও রয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও শিক্ষার্থীদের ভাষ্য অনুযায়ী, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক নাফিউল জীবনের নেতৃত্বে ১০ থেকে ১২ জন রড ও স্টাম্পসহ লাঠিসোঁটা নিয়ে হলে প্রবেশ করেন। হল শাখা ছাত্রদলের সহসভাপতি সাব্বির হোসেন কক্ষ থেকে ডেকে বের করার পর দেবজয়কে এলোপাতাড়ি মারধর করা হয়। মারধর করতে করতে তাঁকে হলের তৃতীয় ব্লক থেকে ফটকের দিকে নিয়ে যাওয়া হয়। একপর্যায়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহসভাপতি শেখ নূর উদ্দিনসহ কয়েকজন তাঁকে হলের অতিথি কক্ষে নিয়ে যান।
এই ঘটনার পর অর্থনীতি বিভাগ ও হলের শিক্ষার্থীরা বৃহস্পতিবার রাতেই প্রাধ্যক্ষের কার্যালয় ঘেরাও করে বিচার দাবি করেন এবং রাত সাড়ে তিনটা পর্যন্ত হলে উত্তেজনা বিরাজ করে। পরবর্তীতে হল প্রশাসন, অর্থনীতি বিভাগের শিক্ষক, ছাত্রদলের সভাপতি ও শিক্ষার্থী প্রতিনিধিদের বৈঠকে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। ওই বৈঠকে ছাত্রদলের পক্ষ থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সুলতান আহমেদ মৌখিকভাবে দুঃখ প্রকাশ করেন।