রাবিতে সাবেক ছাত্রলীগ নেতাকে মারধরের ঘটনায় উত্তেজনা
তদন্ত কমিটি গঠন ও ছাত্রদলের দুঃখ প্রকাশের পর পরিস্থিতি শান্ত
রাজশাহী জেলা প্রতিনিধি · রাজশাহী
প্রকাশ:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক এক নেতাকে মারধরের অভিযোগ উঠেছে শাখা ছাত্রদলের নেতা-কর্মীদের বিরুদ্ধে। এই ঘটনার প্রতিবাদে অর্থনীতি বিভাগ ও হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের শিক্ষার্থীরা হল প্রশাসনের কার্যালয় ঘেরাও করে বিচার দাবি করেন। পরবর্তীতে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত এবং ছাত্রদলের পক্ষ থেকে দুঃখ প্রকাশের পর পরিস্থিতি শান্ত হয়।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার রাত সোয়া ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলে মারধরের ঘটনাটি ঘটে। এই ঘটনার জেরে দিবাগত রাত প্রায় সাড়ে তিনটা পর্যন্ত হলটিতে উত্তেজনা বজায় ছিল। মারধরের শিকার শিক্ষার্থীর নাম দেবজয় সরকার, যিনি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২০২০–২১ শিক্ষাবর্ষের এবং সোহরাওয়ার্দী হলের আবাসিক শিক্ষার্থী। তিনি ওই হল শাখা ছাত্রলীগের (নিষিদ্ধ সংগঠন) সর্বশেষ কমিটির সদস্য ছিলেন, যে কমিটি ২০২৪ সালের ১২ জুলাই বিলুপ্ত ঘোষণা করা হয়েছিল। এছাড়া দেবজয় অর্থনীতি বিভাগের ফুটবল দলেরও অধিনায়ক।
ভুক্তভোগী দেবজয় সরকার বলেন, ‘তখনকার প্রেক্ষাপটে আমি হলে ওঠার জন্য রাজনীতিতে যুক্ত হয়েছিলাম। তবে হলে বৈধ সিট পাওয়ার পর আমি সক্রিয় ছিলাম না। বর্তমানেও আমার রাজনৈতিক কোনো সংশ্লিষ্টতা নেই। আমি হল ও বিভাগের বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার মধ্য দিয়ে সময় কাটাই। আমাকে মিথ্যা অভিযোগ দিয়ে মারধর করা হয়েছে।’
প্রত্যক্ষদর্শী ও শিক্ষার্থী সূত্রে জানা যায়, রাত সোয়া ১১টার দিকে শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক নাফিউল জীবনের নেতৃত্বে ১০ থেকে ১২ জনের একটি দল রড, স্টাম্পসহ লাঠিসোঁটা নিয়ে হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলে আসে। এ সময় হল শাখা ছাত্রদলের সহসভাপতি সাব্বির হোসেন দেবজয়কে কক্ষ থেকে ডেকে বের করেন এবং এরপরই তাঁকে এলোপাতাড়ি মারধর করা হয়। মারধর করতে করতে তাঁকে হলের তৃতীয় ব্লক থেকে ফটকের দিকে নিয়ে যাওয়া হয়। একপর্যায়ে শাখা ছাত্রদলের সহসভাপতি শেখ নূর উদ্দিন আবীরসহ কয়েকজন দেবজয়কে হলের অতিথিকক্ষে নিয়ে যান, যার কয়েকটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে দেবজয়ের বিভাগ ও হলের শিক্ষার্থীরা সেখানে জড়ো হয়ে হল প্রাধ্যক্ষের কার্যালয় ঘেরাও করেন। রাত সোয়া ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান ও হল প্রাধ্যক্ষ অধ্যাপক আরিফুল ইসলামসহ কর্মকর্তারা ঘটনাস্থলে আসেন। এ সময় শিক্ষার্থীরা ছাত্রদল ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্দেশে বিভিন্ন স্লোগান দেন এবং দফায় দফায় প্রাধ্যক্ষের কার্যালয়ের দরজা ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করেন।
বিজ্ঞাপন
রাত সাড়ে তিনটার দিকে হল প্রশাসন, অর্থনীতি বিভাগের শিক্ষক, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি ও শিক্ষার্থী প্রতিনিধিদের মধ্যে বৈঠক হয়। বৈঠকে ঘটনার তদন্তে কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া ছাত্রদলের পক্ষ থেকে মৌখিকভাবে দুঃখ প্রকাশ করেন সংগঠনটির রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সুলতান আহমদ।
মারধরের অভিযোগের বিষয়ে জানতে শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক নাফিউল জীবনের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তা বন্ধ পাওয়া যায়। তবে তিনি নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে লেখেন, ‘ছাত্রলীগের পদধারী কোনো নেতার হলে অবস্থান করা কি শিক্ষার্থীদের জন্য নিরাপদ? কয়েক দিন আগেই মেইন গেটে ককটেল ফাটিয়েছে।...’
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমদ দাবি করেন, একটি ভুল-বোঝাবুঝি থেকে ঘটনার সূত্রপাত হয়েছে। তিনি বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় এবং এ ব্যাপারে প্রশাসন তদন্ত করে ব্যবস্থা নেবে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান এ ঘটনার তদন্তে শিক্ষক-শিক্ষার্থীদের সমন্বয়ে কমিটি গঠনের আশ্বাস দিয়েছেন। তিনি জানান, কমিটি ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে পুরো ঘটনা তদন্ত করবে এবং উপাচার্যের সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।