সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার সামনে গভীর রাতে অগ্নিসংযোগ
বৃহস্পতিবার দিবাগত রাত ৩টা থেকে ৪টার মধ্যে নগরের দাড়িয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে
সিলেট জেলা প্রতিনিধি · সিলেট
প্রকাশ:
সিলেট নগরের দাড়িয়াপাড়া এলাকায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসার প্রধান ফটকের সামনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত রাত ৩টা থেকে ৪টার মধ্যে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটায় বলে জানা গেছে।
বিজ্ঞাপন
সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (গণমাধ্যম) আফজাল হোসেন জানান, দুর্বৃত্তরা ন্যাকড়া জাতীয় কাপড়ে আগুন ধরিয়ে দিয়েছিল। তবে এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং পুলিশ জড়িতদের শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, বাসাটিতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর চাচা ও পরিবারের সদস্যরা বসবাস করেন। প্রতিমন্ত্রী সিলেটে ভ্রমণে এলে এই বাসায়ই অবস্থান করে থাকেন। আজ শুক্রবার বিকেলে তার সিলেটে আসার কর্মসূচি রয়েছে।
ঘটনার খবর পেয়ে শুক্রবার সকাল ১০টার দিকে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী ঘটনাস্থল পরিদর্শন করেন। মহানগর বিএনপির সাবেক এই ভারপ্রাপ্ত সভাপতি বলেন, ‘এখানে কোনো আগুন লাগেনি, এই ঘরের ভেতরেও কেউ প্রবেশ করেনি। এদিক দিয়ে যাওয়ার সময় কেউ কিছু একটা ছুঁড়ে ফেলে চলে গেছে। এরা ছিঁচকে চোরের মতো, এদের কোনো সাহস নেই। এসব চোরাগোপ্তা হামলা চালিয়ে দেশের অগ্রগতি ঠেকানো যাবে না।’