মেট্রোরেলের ভেন্ডিং মেশিনে ভাংতির সংকট, কাউন্টারে দীর্ঘ লাইন
উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত বিভিন্ন স্টেশনে ভেন্ডিং মেশিনে ভাংতি না থাকা ও মেশিন অচল থাকায় যাত্রীদের ভোগান্তি পোহাতে হচ্ছে
ঢাকা জেলা প্রতিনিধি · ঢাকা
প্রকাশ:
ঢাকার মিরপুর ১১ নম্বর মেট্রোরেল স্টেশনে বুধবার বিকেল সাড়ে চারটায় টিকিট বিক্রির যন্ত্র বা ভেন্ডিং মেশিন থেকে টিকিট কাটার চেষ্টা করছিলেন এক নারী। গন্তব্যের বোতাম চেপে দুটি টিকিটের জন্য যন্ত্রে ১০০ টাকার একটি নোট প্রবেশ করান তিনি। কিন্তু যন্ত্রটি টিকিট না দিয়ে টাকা ফেরত দেয় এবং পর্দায় ‘ভাংতি নেই’ লেখা ভেসে ওঠে।
বিজ্ঞাপন
ওই নারী যন্ত্রের সামনে দাঁড়িয়ে থাকার সময় পেছনে টিকিট কাটার অপেক্ষায় ৮ থেকে ১০ জন যাত্রী ছিলেন। নারীর সঙ্গে থাকা এক মধ্যবয়সী ব্যক্তি, যার এক হাতে ব্যান্ডেজ ও অন্য হাতে ভারী ব্যাগ ছিল, তিনি দ্রুত ভাংতি সংগ্রহ করতে স্টেশনের নিচে নেমে যান। এদিকে পেছনের যাত্রীরা বারবার তাগাদা দিতে থাকলে একপর্যায়ে টিকিট না কেটেই ওই নারী যন্ত্রের সামনে থেকে সরে যেতে বাধ্য হন।
নিজের নাম ‘মিস ময়না’ উল্লেখ করে তিনি বলেন, ‘প্রায় সময়ই ভেন্ডিং মেশিনে ভাংতি পাওয়া যায় না।’
মেট্রোরেলের যাত্রীদের জন্য এই ভোগান্তি নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। বুধবার দুপুর সাড়ে ১২টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত সব কটি মেট্রোস্টেশনে ঘুরে ভাংতি নিয়ে এমন বিড়ম্বনায় অনেক যাত্রীকে পড়তে দেখা যায়। পাশাপাশি বেশ কিছু ভেন্ডিং মেশিন অচল বা বন্ধ ছিল। ১৬টি মেট্রোস্টেশনের এক পাশের মোট ৪১টি ভেন্ডিং মেশিন যাচাই করে দেখা যায়, তখন মাত্র ১৭টি মেশিনে ভাংতি ছিল, ১৫টিতে ভাংতি ছিল না এবং বাকি ৯টি মেশিন ছিল অচল অথবা বন্ধ। কাউন্টারে টিকিট কেনার সুযোগ থাকলেও সেখানে দীর্ঘ লাইন থাকায় যাত্রীরা বিপাকে পড়ছেন।
ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্রে জানা যায়, ভেন্ডিং মেশিনে ১০, ২০, ৫০ ও ১০০ টাকার নোটের ভাংতি রাখার ট্রে রয়েছে। একজন যাত্রী ২০ টাকার টিকিট কিনতে ২০০ টাকার নোট দিলে তাঁকে ১৮০ টাকা ফেরত দিতে হয়। সূত্রটি জানায়, যাত্রীরা ভাড়ার কাছাকাছি অঙ্কের বড় নোট প্রবেশ করালে তুলনামূলক কম ভাংতি খরচ হয় এবং অনেক যাত্রীকে টানা সেবা দেওয়া সম্ভব হয়। তবে ভাংতি না থাকার কারণে নিয়মিত ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রীরা। কাউন্টারে লাইনে দাঁড়ানো যাত্রী সাইফুল আলম অভিযোগ করেন, মেশিনে ১০০ টাকার নোট দিলে ৫০-৬০ টাকাও ফেরত পাওয়া যায় না। তিনি আরও বলেন, ‘মেট্রোরেল চালুর পর থেকে তিনি সময় ধরে যাতায়াত করেন। কোনো কারণে ট্রেনে উঠতে দেরি হলে সময়মতো কর্মস্থলে পৌঁছানো কঠিন হয়ে পড়ে।’
বিজ্ঞাপন
বুধবার সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে ফার্মগেট স্টেশনের একক যাত্রার টিকিট কাউন্টারে দীর্ঘ লাইন দেখা যায়। সেখানে তিনটি মেশিনের একটি ছিল অচল এবং ভাংতির সমস্যার কারণে অন্য একটি মেশিনও সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। মেশিনের ‘জরুরি বোতাম’ চাপার দুই-তিন মিনিট পরও কোনো স্টেশনকর্মীকে সেখানে আসতে দেখা যায়নি। এছাড়া বিজয় সরণি মেট্রোস্টেশনের এক পাশের দুটি ভেন্ডিং মেশিনই অচল ছিল, যার একটি কালো কাগজ দিয়ে ঢেকে রাখা হয়েছে। এ বিষয়ে জানতে কাউন্টারে যোগাযোগ করলে নিয়ন্ত্রণকক্ষে যাওয়ার পরামর্শ দেওয়া হয়, কিন্তু সন্ধ্যা ৫টা ২০ মিনিটে নিয়ন্ত্রণকক্ষে গিয়ে কাউকে পাওয়া যায়নি।
উত্তরা দক্ষিণ স্টেশনের এক পাশের দুটি ভেন্ডিং মেশিনের একটি সচল থাকলেও তাতে ভাংতি ছিল না। যাত্রী শিশির ভৌমিক বলেন, ‘সকালেও মতিঝিল স্টেশনে সব কটি ভেন্ডিং মেশিনে চেষ্টা করে ভাংতি পাইনি। ইমার্জেন্সি বাটনে ক্লিক করলেও উনাদের (কর্মীদের) পাওয়া যায় না।
মর্জিমতো আসেন উনারা। কর্তৃপক্ষকে আরও দ্রুত কাজ করতে হবে।’ মিরপুর ১১ মেট্রোস্টেশনের কর্মকর্তা মহিউদ্দিন মিরাজ জানান, মন্ত্রণালয়ে এ বিষয়ে একাধিক বৈঠক হয়েছে এবং বেশি যাত্রীর চাপের মধ্যে ভাংতি নিশ্চিত করা কঠিন। তিনি আরও বলেন, ভেন্ডিং মেশিনে ভাংতি রাখার সক্ষমতার একটি সীমাবদ্ধতা আছে এবং যাত্রীরা যে নোট প্রবেশ করান, তার মাধ্যমেই পরে ভাংতির সরবরাহ নিশ্চিত হয়।
ইমার্জেন্সি রেসপন্স বাটন চাপলেও সাড়া না পাওয়ার অভিযোগের বিষয়ে তিনি দাবি করেন, ‘ওখানে লোক থাকে। বোতাম চাপলে এক-দুই মিনিটের মধ্যে আসেন।’
বিজ্ঞাপন
ডিএমটিসিএলের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) মো. নজরুল ইসলাম বলেন, মেশিনের ভেতর প্রচুর ভাংতি রাখার ব্যবস্থা নেই, ফলে ভাংতির সংকট হয়। তিনি জানান, খালি হওয়ার সঙ্গে সঙ্গে ভাংতি রাখার ট্রেগুলো যাতে পূর্ণ করা হয়, সেই চেষ্টা থাকে। মো. নজরুল ইসলাম আরও বলেন, ‘অচল মেশিনও দ্রুততম সময়ের মধ্যে সচল করা হচ্ছে। কাউন্টারে ও ভেন্ডিং মেশিনে যাতে চাপ কমে, সে জন্য অনলাইন টিকিট কাটা আরও সহজ করার চেষ্টা চলছে।’