ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিল্পী সঞ্জীব চৌধুরীর স্মরণে সঞ্জীবসন্ধ্যা
প্রয়াত শিল্পী সঞ্জীব চৌধুরীর ১৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গান ও আলোচনার আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক ইউনিয়ন
ঢাকা জেলা প্রতিনিধি · ঢাকা
প্রকাশ:
শিল্পী সঞ্জীব চৌধুরীর ১৯তম প্রয়াণ দিবস স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) ক্যাফেটেরিয়া চত্বরে অনুষ্ঠিত হয়েছে ‘সঞ্জীবসন্ধ্যা ২০২৬’। বৃহস্পতিবার বৃষ্টিভেজা বিকেলে শুরু হওয়া এই অনুষ্ঠানটি দর্শক ও শ্রোতাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মুখর হয়ে ওঠে। ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক ইউনিয়ন আয়োজিত এই অনুষ্ঠানে ছিল গান, স্মৃতিচারণ ও প্রতিবাদী চেতনার প্রতিফলন।
বিজ্ঞাপন
সঞ্জীব চৌধুরী ছিলেন একাধারে সাংবাদিক, গীতিকার, সুরকার ও সংগীতশিল্পী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রাক্তন শিক্ষার্থী সঞ্জীব ১৯৯৬ সালে বাপ্পা মজুমদারের সঙ্গে ‘দলছুট’ ব্যান্ড প্রতিষ্ঠা করেন। তাঁর সৃষ্টিকর্মে প্রেম, বিরহ ও মানবিকতার পাশাপাশি প্রতিবাদী সুরের সংমিশ্রণ তাঁকে বাংলা সংস্কৃতিতে এক স্বতন্ত্র পরিচিতি দিয়েছে।
অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু হল ছাত্র সংসদের সাবেক জিএস আবদুল্লাহ ক্বাফী রতন, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক ইউনিয়নের সাবেক সভাপতি মাহাবুব খালাসী এবং সংগঠনটির বর্তমান সভাপতি শেখ শাবাব ত্বকী রূপক। বক্তারা তাঁর কর্মময় জীবনের বিভিন্ন দিক ও শিল্পচর্চার ওপর আলোকপাত করেন।
সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করেন গানপোকা, সায়েম জয়, অর্ঘ্য দেব, স্বরব্যাঞ্জো, অং অং, তুহিন কান্তি দাস, অনিন্দ্য বিশ্বাস, দ্য পোস্ট অফিস সোসাইটি, ইলা লালালালা, অনিক দাস, মুবাশ্বির মাহমুদ নিবিড়, প্রিয়ন্তী আমিন, আনিয়া খান, ক্যাও থিন, রেজওয়ান ও অমি, রিমঝিম, রূপক–রাইয়ান–ওজি, মাহমুদুল হাসান, নবীন কিশোর গোস্বামী, মাহাবুব খালাসী, শিমুল কুম্ভকার, ইয়াসির আরাফাত রুবেল ও দুর্জয় রায়। শিল্পীদের প্রতিটি পরিবেশনায় উপস্থিত দর্শকদের মাঝে দারুণ উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে।
আয়োজকদের ভাষ্যমতে, নতুন প্রজন্মের মাঝে সঞ্জীব চৌধুরীর সৃষ্টি ও তাঁর প্রতিবাদী চেতনা ছড়িয়ে দেওয়াই ছিল এই অনুষ্ঠানের মূল লক্ষ্য। প্রয়াণের ১৯ বছর পরও তাঁর গান যে মানুষের হৃদয়ে অমলিন, তা এই আয়োজনের মাধ্যমে ফুটে ওঠে। অরাজকতার বিরুদ্ধে স্বপ্নের কথা বলার প্রত্যয় নিয়ে শেষ হয় এই ‘সঞ্জীবসন্ধ্যা ২০২৬’।