পদত্যাগপত্র গ্রহণ, কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা
১৫ নভেম্বর থেকে আসনটি শূন্য ঘোষণা করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
নিজস্ব প্রতিবেদক · ঢাকা
প্রকাশ:
জাতীয় সংসদের কিশোরগঞ্জ-৩ আসনটি শূন্য ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংসদের বৈঠকের শুরুতে এই তথ্য জানান।
বিজ্ঞাপন
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ জানান, ত্রয়োদশ জাতীয় সংসদের ১৬৪ নম্বর নির্বাচনী এলাকা কিশোরগঞ্জ-৩ থেকে নির্বাচিত সংসদ সদস্য ড. মোহাম্মদ ওসমান ফারুক পদত্যাগপত্র জমা দিয়েছেন। তিনি ১৪ নভেম্বর থেকে কার্যকরভাবে পদত্যাগের সিদ্ধান্ত জানিয়ে নিজের স্বাক্ষর করা চিঠি স্পিকারের কাছে পাঠান।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, পদত্যাগপত্রটি তিনি ১৫ নভেম্বর হাতে পেয়েছেন। সংবিধানের সংশ্লিষ্ট অনুচ্ছেদ অনুযায়ী, স্পিকার যখন পদত্যাগপত্র গ্রহণ করেন, তখন থেকেই ওই সদস্যের আসন শূন্য হয়ে যায়। সেই নিয়ম মেনে ১৫ নভেম্বর থেকে আসনটি শূন্য ঘোষণা করা হলো।
ড. মোহাম্মদ ওসমান ফারুক ২০০১ সালে বিএনপির মনোনয়নে কিশোরগঞ্জ-৪ (করিমগঞ্জ-তাড়াইল) আসন থেকে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়েছিলেন। একই বছরের ১০ অক্টোবর তিনি খালেদা জিয়ার নেতৃত্বাধীন চার-দলীয় জোট সরকারের শিক্ষামন্ত্রীর দায়িত্ব পান এবং ২০০৬ সালের ২৯ অক্টোবর পর্যন্ত সেই দায়িত্ব পালন করেন।
তিনি দীর্ঘ সময় যুক্তরাষ্ট্রে অবস্থান করেছেন। গণ-অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের পর ২০২৪ সালের ২৪ অক্টোবর আট বছর পর দেশে ফেরেন তিনি। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনয়ন পেয়ে তিনি জয়ী হন। ড. মোহাম্মদ ওসমান ফারুক বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যানের দায়িত্বে আছেন। সংসদ থেকে পদত্যাগ করলেও দলীয় পদ থেকে সরে যাওয়ার ঘোষণা তিনি দেননি।