ময়মনসিংহে সম্পত্তি নিয়ে বিরোধে মারধরের পর নারীর মৃত্যু
ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে ও পুত্রবধূ পলাতক রয়েছেন
ময়মনসিংহ জেলা প্রতিনিধি · ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ
প্রকাশ:
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় সম্পত্তি নিয়ে বিরোধের জেরে ছেলে ও পুত্রবধূর মারধরের শিকার হয়ে মিনারা আক্তার (৬৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটার দিকে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহত মিনারা আক্তার পৌরসভার কাকনহাটি উত্তর এলাকার মৃত শিহাব উদ্দিনের স্ত্রী।
বিজ্ঞাপন
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মিনারা আক্তার ও তাঁর মেয়ে শাহানা বেগমের সঙ্গে ছেলে কামরুল হাসান এবং পুত্রবধূ নিলুফার ইয়াসমিনের সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল। এর জেরে সোমবার সন্ধ্যা সাতটার দিকে তাঁদের মধ্যে ঝগড়া শুরু হয়। একপর্যায়ে কামরুল হাসান ও নিলুফার ইয়াসমিন মিলে মিনারা আক্তারকে মারধর করেন। ঘটনার পর রাত সোয়া ১২টার দিকে অসুস্থ অবস্থায় তাঁকে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়। গভীর রাতে শারীরিক অবস্থার অবনতি হলে ভোর ৫টা ২০ মিনিটে আবারও হাসপাতালে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার সোহেল রানা জানান, মিনারা আক্তারের বাঁ চোখ আঘাতের কারণে ফোলা ছিল এবং তিনি চোখে দেখতে পাচ্ছিলেন না। উচ্চ রক্তচাপের সমস্যা থাকায় প্রাথমিক চিকিৎসার পর স্বজনেরা তাঁকে বাড়িতে নিয়ে যান।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রোমন বলেন, এ ঘটনায় বিধি অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। ঘটনার পর থেকে ছেলে ও পুত্রবধূ পলাতক রয়েছেন এবং তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। পুলিশ হাসপাতালের গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে এবং ময়নাতদন্তের জন্য মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।