ময়মনসিংহে মেয়ের সামনে স্বেচ্ছাসেবক দলের নেতাকে ছুরিকাঘাতে হত্যা
রোববার সন্ধ্যায় মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে আক্রান্ত হন মো. সুরুজ জামান
ময়মনসিংহ জেলা প্রতিনিধি · ময়মনসিংহ
প্রকাশ:
ময়মনসিংহ সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. সুরুজ জামান (৩৫) গত রোববার সন্ধ্যা সাতটার দিকে নিজ সাত বছর বয়সী মেয়ের সঙ্গে মোটরসাইকেলে বাসায় ফিরছিলেন। পথে নগরের ২৬ নম্বর ওয়ার্ডের মধ্য বাড়েরা এলাকার মজিদ মার্কেট–সংলগ্ন সড়কে দুর্বৃত্তরা তাঁর মোটরসাইকেল থামিয়ে ছুরিকাঘাতে গুরুতর আহত করে। পরে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
নিহত মো. সুরুজ জামান শহরের মধ্য বাড়েরা এলাকার বাসিন্দা ছিলেন এবং প্রাইভেট কার কেনাবেচা ও ভাড়া দেওয়ার ব্যবসা করতেন। তাঁর চাচাতো ভাই মো. সাদেক হোসেন জানান, ঘটনার দিন সন্ধ্যায় জামান তাঁর সাত বছর বয়সী মেয়ে আদিবাকে নিয়ে বাজারে যান। সেখানে মেয়েকে ফল ও জুতা কিনে দেওয়ার পর মোটরসাইকেলে করে বাড়ির উদ্দেশ্যে রওনা হন তাঁরা।
সাদেক হোসেনের ভাষ্যমতে, মজিদ মার্কেটের অদূরে কমিউনিটি ক্লিনিক–সংলগ্ন সড়কে পৌঁছালে কয়েকজন ব্যক্তি জামানের পথ রোধ করেন এবং ধারালো অস্ত্র দিয়ে তাঁর বুকে আঘাত করেন। এ সময় ছোট মেয়ে সঙ্গে থাকায় জামান নিজেকে রক্ষা করতে পারেননি এবং মেয়েটিও মোটরসাইকেল থেকে পড়ে যায়। ঘটনার সময় সাদেক ঘটনাস্থল থেকে ১০০ গজ দূরে নিজের দোকানে ছিলেন এবং খবর পেয়ে দ্রুত সেখানে ছুটে যান।
সাদেকের দাবি, ২৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলম ও তাঁর ছোট ভাই মেহেদী হাসানসহ অন্য ভাইয়েরা মিলে জামানকে ছুরিকাঘাতে হত্যা করেছেন। তবে কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে, সে বিষয়ে কিছু বলতে পারেননি তিনি। সাদেক জানান, জাহাঙ্গীর তাঁদের গোষ্ঠীর চাচাতো ভাই এবং সাম্প্রতিক সময়ে তাঁদের মধ্যে কোনো বিরোধ বা জমি নিয়ে কোনো ঝামেলা ছিল না। ঘটনার পর অভিযুক্তরা সবাই এলাকা থেকে পালিয়ে গেছেন।
ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব ও ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান বলেন, “ওয়ার্ড যুবলীগের সভাপতির নেতৃত্বে এই হত্যাকাণ্ড হয়। ফ্যাসিস্টরা গ্রেপ্তার না হওয়ায় এই হত্যা। এর সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাই।”
বিজ্ঞাপন
অভিযুক্ত ২৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলমসহ অন্যদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাঁদের বক্তব্য পাওয়া সম্ভব হয়নি। এদিকে রোববার রাত নয়টার দিকে ময়মনসিংহ জেলা পুলিশের পাঠানো এক প্রেস নোটে জানানো হয়, সন্ধ্যা সাতটার দিকে দুর্বৃত্তদের হামলায় জামান আহত হন এবং পরে হাসপাতালে তাঁর মৃত্যু হয়। পুলিশের প্রেস নোটে হামলাকারীদের মধ্যে মেহেদী নামের একজনের কথা উল্লেখ করা হয়েছে।
ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মো. কামরুল হাসান জানিয়েছেন, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশি কার্যক্রম অব্যাহত রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।