ছেলের মৃত্যুর জন্য দায়ী কে, প্রশ্ন আদনান তাসিনের বাবার
নিরাপদ সড়ক আন্দোলনের আয়োজনে বক্তারা সড়কে মৃত্যুর জন্য দায়বদ্ধতা নিশ্চিত করার দাবি জানিয়েছেন
নিজস্ব প্রতিবেদক · ঢাকা
প্রকাশ:
রোববার ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) সম্মেলনকক্ষে বিশ্ব সড়ক দুর্ঘটনার ভুক্তভোগীদের স্মরণ দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নিরাপদ সড়ক আন্দোলনের আয়োজনে সভায় বক্তারা অভিযোগ করেন, সড়কে একের পর এক প্রাণহানি ঘটলেও কোনো দায় নিচ্ছে না। দুর্ঘটনার পর বিচার প্রাপ্তি এবং দ্রুত চিকিৎসা পাওয়া নিয়ে পরিবারগুলো চরম ভোগান্তির শিকার হয় বলে সভায় উল্লেখ করা হয়।
বিজ্ঞাপন
২০১৯ সালে যমুনা ফিউচার পার্কের সামনে বাসচাপায় নিহত শিক্ষার্থী আদনান তাসিনের বাবা আহসান উল্লাহ সভায় অংশ নিয়ে বলেন, ‘আমার ছেলে আদনান অত্যন্ত মেধাবী শিক্ষার্থী ছিল। সে সড়ক দুর্ঘটনায় নয়, বরং হত্যাকাণ্ডের শিকার হয়েছিল। আমার ছেলের মৃত্যুর জন্য দায়ী কে?’ তিনি আরও জানান, সন্তান হারানোর পর তিনি বিচার পাননি এবং কারও কাছ থেকে সহানুভূতিও পাননি। তার মতে, চালকদের রেষারেষি ও প্রতিযোগিতা বন্ধের পাশাপাশি মাদকাসক্ত চালকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
সভার শুরুতে ২০১৮ সালের ২৯ জুলাই বিমানবন্দর সড়কে নিহত আবদুল করিম রাজীব ও দিয়া খানম মীমসহ সড়কে প্রাণ হারানো ব্যক্তিদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। মূল বক্তব্যে নিরাপদ সড়ক আন্দোলনের সভাপতি আবদুল্লাহ মেহেদি জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ২০২৩ সালের প্রতিবেদন অনুযায়ী ২০২১ সালে বাংলাদেশে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩১ হাজার ৫৭৮ জন মারা গেছেন। এছাড়া জাতীয় স্বাস্থ্য ও আঘাত জরিপ ২০২৩-২৪ অনুযায়ী, প্রতিবছর দেশে প্রায় ২৪ হাজার ২৩৩ জন সড়ক দুর্ঘটনায় মারা যান এবং ৩০ লাখের বেশি মানুষ আহত হন, যার মধ্যে ৩৮ হাজার ২৮ জন স্থায়ীভাবে পঙ্গুত্বের শিকার হন।
দুর্ঘটনার কারণ হিসেবে বেপরোয়া গতি, যানবাহনের ত্রুটি, সড়কের নকশাগত সমস্যা ও আইন প্রয়োগের সীমাবদ্ধতাকে দায়ী করেন আবদুল্লাহ মেহেদি। ডিটিসিএর সাবেক নির্বাহী পরিচালক নীলিমা আখতার জানান, দুর্ঘটনার পর শারীরিক যন্ত্রণার চেয়ে মানসিক ও আর্থিক অনিশ্চয়তা ভুক্তভোগীদের বেশি ক্ষতিগ্রস্ত করে। সভায় ভয়েস ফর রিফর্মের যুগ্ম আহ্বায়ক এ কে এম ফাহিম মাশরুর আইন প্রয়োগে ব্যর্থ ব্যক্তিদের জবাবদিহির দাবি জানান।
ডিটিসিএর অতিরিক্ত নির্বাহী পরিচালক মো. মশিউর রহমান জানান, সড়ক দুর্ঘটনার ইতিহাস ও সচেতনতা বাড়াতে একটি নিরাপত্তা জাদুঘর প্রতিষ্ঠার পরিকল্পনা তাদের রয়েছে। সভায় আরও বক্তব্য দেন নিরাপদ সড়ক আন্দোলনের দপ্তর সম্পাদক শরিফুল ইসলাম আবু সাইদ, ডিটিসিএর পরিচালক মোস্তাফিজুর রহমান এবং বাংলাদেশ সাইকেল লেন বাস্তবায়ন পরিষদের সভাপতি আমিনুল ইসলাম।