চীনে প্রথমবারের মতো যাত্রীবাহী বৈদ্যুতিক বিমানের সফল উড্ডয়ন
শানডং প্রদেশের বিনঝৌ শহরে ১৬ মিনিট ৩৮ সেকেন্ড আকাশে উড়ল সিই-২৫এ মডেলের বিমান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ:
চীনের শানডং প্রদেশের বিনঝৌ শহরে প্রথমবারের মতো যাত্রীবাহী বৈদ্যুতিক বিমানের পরীক্ষামূলক উড্ডয়ন সফলভাবে সম্পন্ন হয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের বরাতে জানা যায়, বিমানটি প্রায় ৬০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ১৬ মিনিট ৩৮ সেকেন্ড আকাশে ওড়ে। রোববার (১৫ নভেম্বর) চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞাপন
সংবাদসংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, সিই-২৫এ (CE-25 A) মডেলের এই বিমানটিতে উড্ডয়নের সময় দুজন পাইলট ও একজন প্রকৌশলী ছিলেন। স্বল্প দূরত্বে এক শহর থেকে অন্য শহরে বাণিজ্যিক যাত্রী পরিবহনের লক্ষ্যে এটি তৈরি করা হয়েছে। চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি নিউজ ও বার্তা সংস্থা সিনহুয়া এই উড্ডয়নের খবর নিশ্চিত করেছে।
বিমানটিতে বৈদ্যুতিক প্রপালশন ব্যবস্থা ব্যবহার করা হয়েছে এবং এতে একসঙ্গে ১৯ জন যাত্রী পরিবহন করা সম্ভব। এর সর্বোচ্চ উড্ডয়নকালীন ওজন ১০ টন এবং এটি ঘণ্টায় সর্বোচ্চ ৩০০ কিলোমিটার গতিতে ২ হাজার ৪০০ মিটার উচ্চতা পর্যন্ত উড়তে সক্ষম। বিমানটি নির্মাণে কমার্শিয়াল এয়ারক্রাফট করপোরেশন অব চায়না (কোম্যাক), কনটেম্পোরারি অ্যাম্পেরেক্স টেকনোলজি কোম্পানি লিমিটেড (সিএটিএল) এবং সাংহাই জিয়াও টং বিশ্ববিদ্যালয় যৌথভাবে কাজ করেছে।
কোম্যাক জানিয়েছে, পরীক্ষামূলক উড্ডয়নটি স্বাভাবিকভাবে সম্পন্ন হয়েছে এবং এটি চীনের বিমান চলাচল শিল্পের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে স্বয়ংক্রিয়ভাবে এবং এরপর চালকবিহীন আরও ১৯টি পরীক্ষামূলক উড্ডয়ন সম্পন্ন করেছিল বিমানটি। তবে বাণিজ্যিকভাবে যাত্রী পরিবহনের অনুমতি এখনো না পাওয়ায় নির্মাতা প্রতিষ্ঠানটি চীনের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (সিএএসিএ) কাছে টাইপ সার্টিফিকেশনের জন্য আবেদন করেছে।