ইতালির নিয়ন্ত্রক মেটাকে ছবি ব্যবহার ছাড়া ৮০ কোটি ৫০ লাখ ইউরো জরিমানা করেছে
ব্যবহারকারীর অনুমতি ছাড়া ফোনের গ্যালারিতে প্রবেশাধিকারের অভিযোগে এই ব্যবস্থা নিয়েছে ইতালির নিয়ন্ত্রক সংস্থা।
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ:
অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের নির্দিষ্ট সম্মতি ছাড়াই তাঁদের ছবি ব্যবহারের অভিযোগে সামাজিক যোগাযোগমাধ্যম জায়ান্ট মেটাকে ৮০ কোটি ৫০ লাখ ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১১ হাজার ৫৬ কোটি টাকা) জরিমানা করেছে ইতালির নিয়ন্ত্রক সংস্থা। কোনো প্রযুক্তি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ইতালির আরোপ করা সবচেয়ে বড় জরিমানাগুলোর একটি এটি। ফেসবুকের একটি ফিচারকে কেন্দ্র করে এই জরিমানা করা হয়েছে, যার মাধ্যমে ব্যবহারকারীর ফোনের গ্যালারিতে থাকা ছবি ও ভিডিও পোস্ট করার জন্য পরামর্শ হিসেবে দেখানো হয়।
বিজ্ঞাপন
ইতালির ডেটা প্রোটেকশন অথরিটি জানিয়েছে, ফেসবুক অ্যাপের একটি ফিচারের মাধ্যমে প্রায় ২ কোটি স্মার্টফোন ব্যবহারকারীর ছবি ও ভিডিওতে প্রবেশাধিকার ছিল মেটার। তবে এ বিষয়ে ব্যবহারকারীদের যথাযথভাবে জানানো হয়নি। ফিচারটি ডিফল্টভাবে বন্ধ রাখা এবং আলাদাভাবে ব্যবহারকারীদের সম্মতি নেওয়ার জন্য মেটাকে ৬০ দিন সময় দিয়েছে সংস্থাটি। নিয়ন্ত্রক সংস্থার ভাষ্যমতে, এর আগে দেওয়া নোটিশে স্পষ্ট করে বলা হয়নি যে অনুমতির ফলে গ্যালারির ছবি ব্যবহার করে ফেসবুক পোস্টের পরামর্শ তৈরি করতে পারবে।
নিয়ন্ত্রক সংস্থাটি বলেছে, ‘ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা অনেক বেশি’—এ বিষয়টি তারা বিবেচনায় নিয়েছে এবং মেটার ‘সহযোগিতা না করার’ বিষয়টিও জরিমানা নির্ধারণে ভূমিকা রেখেছে। বিবিসিকে দেওয়া এক বিবৃতিতে মেটার মুখপাত্র জানিয়েছেন, এই সিদ্ধান্তের বিরুদ্ধে তারা আপিল করার পরিকল্পনা করছেন। মেটা আরও বলেছে, ‘নিয়ন্ত্রক সংস্থার তথ্যের মূল্যায়ন, আইনের প্রয়োগ এবং জরিমানার অযৌক্তিক উচ্চ মাত্রার সঙ্গে আমরা জোরালোভাবে দ্বিমত পোষণ করছি।’
মেটার ভাষ্যমতে, এটি একটি সাধারণ ফিচার যা মানুষকে ফেসবুকে ছবি ও ভিডিও পোস্ট করতে সহায়তা করে এবং ব্যবহারকারীরা চাইলে যেকোনো সময় সেটিংস থেকে অনুমতি পরিবর্তন করতে পারেন। এর আগে গত মাসে যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের এক বিচারক মেটাকে ২৫০০ কোটি ডলার (প্রায় ৩ লাখ ১১ হাজার ৪৭৫ কোটি টাকা) জরিমানার নির্দেশ দিয়েছিলেন। ফেসবুক ব্যবহারকারীদের তথ্য ব্যবস্থাপনা নিয়ে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে ওই জরিমানা করা হয়েছিল।