সকাল-রাতে মোবাইল ব্যবহার বন্ধে এক সপ্তাহেই মিলবে সুফল
মাত্র এক সপ্তাহের অভ্যাসে ঘুম, মেজাজ ও কাজের একাগ্রতায় ইতিবাচক পরিবর্তন সম্ভব
লাইফস্টাইল ডেস্ক · ঢাকা
প্রকাশ:
আধুনিক সময়ে ঘুম থেকে উঠে চোখ মেলার আগেই মোবাইলের স্ক্রিনে হাত রাখা এবং রাতে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ক্রল করতে থাকা একটি সাধারণ অভ্যাসে পরিণত হয়েছে। চিকিৎসা বিজ্ঞান ও মনস্তত্ত্ব বলছে, এই অভ্যাস শারীরিক, মানসিক ও আবেগীয় স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট ‘রিয়েলসিম্পল’-এ প্রকাশিত এক প্রতিবেদনে মার্কিন মনোবিদ মিরান্ডা ডেনিসন বলেন, “তবে মাত্র এক সপ্তাহ সকাল ও রাতের এই স্ক্রলিং বন্ধ রাখলেই ঘুম, মেজাজ এবং কাজের একাগ্রতায় ইতিবাচক পরিবর্তন দেখা যায়।”
বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্রের ‘ডেনিসন সাইকোলজিক্যাল সার্ভিসেস’-এর প্রতিষ্ঠাতা মিরান্ডা ডেনিসন জানান, ঘুমানোর আগে ফোন ব্যবহার করলে শরীরের স্বাভাবিক ঘুমের চক্র ব্যাহত হয়। ফোনের আলো মস্তিষ্ককে জেগে থাকার সংকেত দেয় এবং উদ্বেগজনক বিষয়বস্তু মানসিক চাপ বাড়িয়ে দেয়। দীর্ঘমেয়াদে এতে খিটখিটে মেজাজ, ক্লান্তি ও মনোযোগের ঘাটতি দেখা দেয়।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ‘ওয়েস্পার’ প্রতিষ্ঠানের প্রধান ঘুম বিশেষজ্ঞ ও স্নায়ুবিজ্ঞানী ডা. চেলসি রোরশেইব বলেন, “সকালে ঘুম ভাঙার পর সূর্যের প্রাকৃতিক আলো মস্তিস্ককে দ্রুত সজাগ ও কর্মক্ষম হতে সাহায্য করে। বিছানায় শুয়ে ফোন স্ক্রল করলে এই প্রাকৃতিক প্রক্রিয়া বিলম্বিত হয়, ফলে সারাদিন শরীর ঝিমুনি ও অলসতায় আচ্ছন্ন থাকে।” মিরান্ডা ডেনিসনের মতে, দিনের শুরুতেই অন্যের মতামত বা নেতিবাচক খবর পড়লে মস্তিষ্ক নিজের সঙ্গে সংযোগ হারিয়ে সারাদিনের জন্য অস্থির হয়ে ওঠে।
মনোবিদ মিরান্ডা ডেনিসন জানান, এক সপ্তাহ স্ক্রলিং বন্ধ রাখলে মনের বিক্ষিপ্ততা কমে আসে এবং বর্তমান মুহূর্তকে গভীরভাবে উপভোগ করা সম্ভব হয়। যেমন, ফোন না দেখে কফি পান করলে এর স্বাদ ও সুগন্ধ নতুনভাবে অনুভব করা যায়। এছাড়া আবেগীয় উত্তেজক কনটেন্ট দেখা কমে যাওয়ায় মানসিক চাপ হ্রাস পায় এবং সারাদিন শরীরে বাড়তি শক্তি অনুভূত হয়। এর ফলে কাজে মনোযোগ বৃদ্ধি পায় ও মেজাজ ফুরফুরে থাকে।
স্নায়ুবিজ্ঞানী ডা. চেলসি রোরশেইবের মতে, “এক সপ্তাহ পর শরীরের জৈবিক ঘড়ি বা সার্কাডিয়ান রিদম পুনরায় সুশৃঙ্খল হয়ে ওঠে। সকালে প্রাকৃতিক রোদের সংস্পর্শে এলে দিনের বেলা অনেক বেশি সতেজ লাগে এবং রাতে একটি নির্দিষ্ট সময়ে প্রাকৃতিকভাবেই ঘুম চলে আসে ও গভীর ঘুম হয়।” এছাড়া অকারণে স্ক্রলিংয়ের সময়টুকু বেঁচে যাওয়ায় বই পড়া, শরীরচর্চা বা প্রিয়জনদের সঙ্গে সময় কাটানোর সুযোগ তৈরি হয়।
বিজ্ঞাপন
মিরান্ডা ডেনিসনের পরামর্শ অনুযায়ী, ছোট ছোট পরিবর্তনের মাধ্যমে এই অভ্যাস শুরু করা উচিত। যেমন, সকালের কফির সময় ফোন না ধরা এবং রাতে ঘুমানোর অন্তত ৩০ মিনিট আগে ফোন বিছানা থেকে দূরে রাখা। পাশাপাশি মাঝেমধ্যে চুপচাপ বসে একঘেয়েমি অনুভব করার সুযোগ দিলে মস্তিষ্ক বিশ্রাম পায় এবং অস্থিরতা কমে আসে।