অ্যান্টিমাইক্রোবিয়াল প্রতিরোধ সচেতনতায় ঢাকায় উৎসব
অ্যান্টিমাইক্রোবিয়াল প্রতিরোধ বিষয়ে সচেতনতা বাড়াতে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণাপ্রতিষ্ঠান (আইইডিসিআর) এই উৎসবের আয়োজন করে।
স্বাস্থ্য ডেস্ক · ঢাকা
প্রকাশ:
বিশ্বজুড়ে জনস্বাস্থ্যের জন্য ক্রমবর্ধমান হুমকি হয়ে দাঁড়িয়েছে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (এএমআর) বা জীবাণুর ওষুধ প্রতিরোধক্ষমতা। এই সমস্যা মোকাবিলায় স্বাস্থ্য, প্রাণিসম্পদ, কৃষি ও পরিবেশসহ বিভিন্ন খাতের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেছেন বিশেষজ্ঞরা। বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহ (১৮-২৪ নভেম্বর) উপলক্ষে গতকাল শনিবার ঢাকায় রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণাপ্রতিষ্ঠান (আইইডিসিআর) আয়োজন করে ‘ন্যাশনাল এএমআর ফেস্ট ২০২৬’। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) বাংলাদেশ কার্যালয়ের কারিগরি সহায়তায় এই আয়োজনের প্রতিপাদ্য ছিল ‘এক স্বাস্থ্য, এক উদ্যোগ: এখনই এএমআর প্রতিরোধ করুন’।
বিজ্ঞাপন
আইইডিসিআরের পরিচালক ডা. কাজী আহমেদ জাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডব্লিউএইচওর বাংলাদেশ কার্যালয়ের ডা. অ্যান্টনি এশোফোনি, এমআইএসের ডেপুটি চিফ ডা. ফারুক হোসেনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা। উৎসবের অন্যতম আকর্ষণ ছিল জাতীয় কুইজ প্রতিযোগিতা, যেখানে প্রাথমিক পর্বে ৯০৮ জন নিবন্ধন করেছিলেন। ১৪ নভেম্বর চূড়ান্ত পর্বে নির্বাচিত ১০০ জন সরাসরি অংশ নেন।
প্রতিযোগিতায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মো. সাদমান কৌশিক চ্যাম্পিয়ন হন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভাষক রুবাইয়াত আহমেদ রানারআপ এবং শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের মোহাইমিনুর রহমান তৃতীয় স্থান অর্জন করেন। এছাড়া চতুর্থ ও পঞ্চম স্থান পান যথাক্রমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মো. আফিফ উল্লাহ ও ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের মো. মাহদীজামান সাফাত।
অনুষ্ঠানে ‘এএমআর: দ্য এসেনশিয়াল ১০০’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়, যেখানে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স বিষয়ক ১০০টি গুরুত্বপূর্ণ তথ্য সহজ ভাষায় উপস্থাপন করা হয়েছে। আইইডিসিআরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা অধ্যাপক ডা. জাকির হোসেন হাবিবের উদ্যোগে বইটি বাংলা ও ইংরেজি ভাষায় আইইডিসিআরের ওয়েবসাইটে উন্মুক্ত করা হচ্ছে। আয়োজকেরা জানান, অ্যান্টিমাইক্রোবিয়াল ওষুধের দায়িত্বশীল ব্যবহার ও জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে এএমআর মোকাবিলায় শিক্ষা ও গবেষণার সমন্বিত উদ্যোগ নেওয়া জরুরি।