হোটেল সারিনায় বার্ষিক ক্রিসমাস কেক-মিক্সিং অনুষ্ঠান
উৎসবের আমেজে ১৫ নভেম্বর আয়োজিত এই অনুষ্ঠানে যোগ দেন আমন্ত্রিত অতিথিরা
ঢাকা জেলা প্রতিনিধি · ঢাকা
প্রকাশ:
আসন্ন ক্রিসমাসকে সামনে রেখে উৎসবের প্রস্তুতি শুরু করেছে হোটেল সারিনা ঢাকা। ১৫ নভেম্বর হোটেলটিতে আয়োজিত হয় বার্ষিক ক্রিসমাস কেক-মিক্সিং অনুষ্ঠান, যেখানে বিভিন্ন করপোরেট পার্টনার, গণমাধ্যমকর্মী ও আমন্ত্রিত অতিথিরা অংশ নেন।
বিজ্ঞাপন
অনুষ্ঠানস্থলে শুকনো ফল, বাদাম ও নানা মসলার সুবাস ছড়িয়ে পড়ে। হোটেলের জেনারেল ম্যানেজার ও হেড অব অপারেশনসের সঙ্গে অতিথিরাও কেক তৈরির প্রাথমিক প্রস্তুতিতে অংশ নেন। সবাই মিলে উৎসবের আমেজে ঐতিহ্যবাহী উপকরণগুলো মেশান।
হোটেল সারিনা ঢাকার জেনারেল ম্যানেজার বলেন, ‘কেক-মিক্সিং আমাদের অন্যতম আনন্দের ঐতিহ্য। এই আয়োজনের মধ্য দিয়ে একতা, উদযাপন ও আনন্দ ভাগ করে নেওয়ার চেতনা প্রকাশ পায়, যা উৎসবের মূল সৌন্দর্য।’
হেড অব অপারেশনস জানান, করপোরেট পার্টনার ও নিয়মিত অতিথিদের সঙ্গে এই আয়োজনের আনন্দ ভিন্ন। তার ভাষ্যমতে, ‘এ ধরনের অনুষ্ঠান পারস্পরিক সম্পর্ককে আরও দৃঢ় করার পাশাপাশি সারিনার আন্তরিক আতিথেয়তার পরিচয় তুলে ধরে।’
অতিথিরা জানান, হোটেল সারিনার আতিথেয়তায় ঘরের মতো স্বস্তি ও আপন করে নেওয়ার অনুভূতি পাওয়া যায়। সাজসজ্জা ও আন্তরিক অংশগ্রহণে আয়োজনটি স্মরণীয় হয়ে ওঠে।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে মেশানো শুকনো ফল ও উপকরণগুলো সংরক্ষণের পর সেগুলো দিয়ে বিশেষ ক্রিসমাস কেক তৈরি করা হবে। ডিসেম্বর মাসজুড়ে অতিথিদের এই কেক পরিবেশন করা হবে। বনানীর কেন্দ্রস্থলে অবস্থিত এই হোটেলটি দেশি-বিদেশি অতিথিদের কাছে পরিচিত ঠিকানা।