মশার গুনগুনানি ন্যাচারাল অটোটিউন: ফেরদৌস ওয়াহিদ
কিংবদন্তি পপস্টার ফেরদৌস ওয়াহিদের সঙ্গে খোলামেলা আলাপচারিতা
বিনোদন ডেস্ক · ঢাকা
প্রকাশ:
বাংলাদেশের কিংবদন্তি পপস্টার ফেরদৌস ওয়াহিদের সাক্ষাৎকার নিয়েছেন কবির বকুল। ২০২৬ সালের প্রেক্ষাপটে ফেরদৌস ওয়াহিদের বিখ্যাত গান ‘আগে যদি জানতাম তবে মন ফিরে চাইতাম’ নিয়ে আলাপকালে তিনি বলেন, এখনকার যুগ দেখে মনে হয়, তখন মন না দিয়ে একটা ‘ইউটিউব চ্যানেল’ বা ‘টিকটক অ্যাকাউন্ট’ খোলা উচিত ছিল! তিনি আরও যোগ করেন, মন দিলে তো শুধু ব্রেকআপ হয়, আর পেজ খুললে অন্তত ভিউ আর স্পনসরশিপ পাওয়া যেত!
বিজ্ঞাপন
নৌকায় সপ্তাহে দুই দিন ঘুমানোর বিষয়ে পপস্টার বলেন, মশার গুনগুনানির চেয়ে বড় মিউজিক আর কী আছে! ওটা হলো ন্যাচারাল অটোটিউন! তিনি জানান, নৌকায় ঘুমানোর আসল কারণ হলো ঢাকার ট্রাফিক জ্যাম আর ফেসবুকের নোটিফিকেশন থেকে দূরে থাকা। নদীতে জ্যাম নেই এবং নেটওয়ার্ক না থাকলে সাইবার যুদ্ধ থেকেও শান্তি পাওয়া যায় বলে তিনি মন্তব্য করেন।
ডিজিটাল যুগের অদ্ভুত বিষয় নিয়ে ফেরদৌস ওয়াহিদ বলেন, মানুষ এখন সামনাসামনি কথা না বলে ইনবক্সে ‘হাই-হ্যালো’ করে, আর রেস্টুরেন্টে গিয়ে খাওয়ার আগে খাবারের ছবি তুলে ফেসবুকে ডিজিটাল ক্রিয়েটরদের মতো উৎসর্গ করে—এটাই তো আধুনিক নবাবি! তিনি বলেন, আমরা নবাবরা আগে প্রজা দেখতাম, আর এখনকার ডিজিটাল নবাবরা শুধু ‘রিঅ্যাক্ট’ আর ‘শেয়ার’ গোনে!
সোশ্যাল মিডিয়ার যুগে মায়েদের ভূমিকা নিয়ে তিনি বলেন, এখনকার মায়েরা অনেক স্মার্ট। সন্তান যখন একা একা মোবাইল স্ক্রিনের দিকে তাকিয়ে ‘হাসে’, তখন মায়েরা বুঝতে পারেন ডাল মে কুছ কালা হ্যায়—হয় সে প্রেম করছে, না হলে ফেসবুকে মিম দেখছে। আর সন্তান যখন ‘কাঁদে’, তখন বুঝতে হয় সিজিপিএ খারাপ এসেছে কিংবা ফোনের চার্জ শেষ হয়ে গেছে। তিনি আরও বলেন, মায়ের একটা ধমক বা স্নেহের হাসির সামনে এই যুগের সব কৃত্রিম ইমোজি একদম ফ্লপ!
নিজের চিরসবুজ থাকার রহস্য সম্পর্কে তিনি বলেন, রহস্য খুবই সিম্পল—মিথ্যা কথা কম বলা, গ্রামের খাঁটি বাতাস খাওয়া আর প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজের ‘মামুনিয়া’ গানটা গাওয়া। এছাড়া সব সময় চোখে একটা কালো সানগ্লাস রাখার পরামর্শ দেন তিনি, যাতে চারপাশের দুনিয়ার ভেজালগুলো একটু কম চোখে পড়ে।
বিজ্ঞাপন
আলাদিনের চেরাগ পেলে ২০২৬ সালের মিউজিক ইন্ডাস্ট্রির জন্য কী বর চাইবেন, এমন প্রশ্নে ফেরদৌস ওয়াহিদ বলেন, আমি জিনকে বলব, ‘বাবা জিন, এমন একটা ফিল্টার বানিয়ে দাও, যাতে গান গাওয়ার সময় যারা বেশি অটোটিউন ব্যবহার করবে, তাদের মাইক থেকে কারেন্ট শক করবে!’ এতে আসল শিল্পীরা বাঁচবে এবং শ্রোতাদের কানও রক্ষা পাবে বলে তিনি মনে করেন।
সবশেষে পাঠকদের উদ্দেশে তিনি বলেন, সবাই চোখ-কান খোলা রাখবেন, চারদিকে সাইবার যুদ্ধ চলছে! বেশি রিলস দেখে মাথা নষ্ট না করে মাঝেমধ্যে নিজের মনের ভেতরের ‘মামুনিয়া’কে জাগিয়ে তুলতে এবং সবার জন্য ভালোবাসা প্রকাশ করতে পরামর্শ দিয়েছেন এই শিল্পী।