ফ্রোজেন শোল্ডার সারাতে কত সময় লাগে
চিকিৎসা ও ব্যায়ামের মাধ্যমে এই সমস্যা থেকে সেরে উঠতে ৫ থেকে ১৮ মাস পর্যন্ত সময় লাগতে পারে।
স্বাস্থ্য ডেস্ক · ঢাকা
প্রকাশ:
কাঁধের জয়েন্ট নড়াচড়া করতে না পারা এবং কাঁধে সব সময় ব্যথা হওয়ার মূল কারণ বেশির ভাগ ক্ষেত্রে ফ্রোজেন শোল্ডার বা অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস। এটি একটি অত্যন্ত পরিচিত শারীরিক সমস্যা। সাধারণত এটি আপনা-আপনি ভালো হয়ে যায়, তবে সেরে উঠতে ৫ থেকে ৯ মাস এমনকি ১৮ মাস পর্যন্ত সময় লেগে যেতে পারে। এই সময়ে যথোপযুক্ত চিকিৎসা এবং ব্যায়াম না করা হলে জোড়া চিরস্থায়ীভাবে জমে বা স্টিফ হয়ে যাওয়ার আশঙ্কা থাকে।
বিজ্ঞাপন
ফ্রোজেন শোল্ডার তিনটি পর্যায়ের মধ্য দিয়ে অতিক্রম করে। প্রথম পর্যায়ে কাঁধে ব্যথা হয় ও নড়াচড়া সীমিত হয়, যা ৬ থেকে ১২ সপ্তাহ থাকে। মধ্যবর্তী পর্যায়ে কাঁধ শক্ত বা স্টিফ হয়ে যায় এবং ব্যথার তীব্রতা কিছুটা কমে, এটি ৪ থেকে ৬ মাস স্থায়ী হয়। শেষ পর্যায়ে স্টিফনেস আস্তে আস্তে কমে আসে এবং ব্যথা আরও কমে যায়, যা এক বছরের বেশি সময় ধরে চলতে থাকে।
৪০ থেকে ৬০ বছর বয়সের মানুষ সাধারণত এই রোগে আক্রান্ত হন এবং পুরুষের তুলনায় নারীরা দুই গুণ বেশি ভোগেন। ডায়াবেটিস, থাইরয়েড, হৃদ্রোগ, ফুসফুসের রোগ, স্ট্রোক, পারকিনসোনিজম ও আর্থ্রাইটিস রোগীদের ঝুঁকি বেশি থাকে। এছাড়া মাথা ও কাঁধে অপারেশন হলে বা কাঁধে আঘাত পেয়ে দীর্ঘদিন মুভমেন্ট না করলে এই সমস্যা হতে পারে।
লক্ষণগুলোর মধ্যে রয়েছে সব সময় কাঁধে ব্যথা, যা রাতে বা শীতকালে বেড়ে যায়। হাত দিয়ে কিছু তোলা, হাত ওপরে ওঠানো, চুল আঁচড়ানো বা জামা পরা কষ্টকর হয়ে পড়ে। স্টিফ কাঁধে কাত হয়ে ঘুমানো যায় না এবং প্যান্টের পেছনের পকেটে হাত দেওয়া অসম্ভব হয়ে পড়ে।
ফ্রোজেন শোল্ডারের প্রধান চিকিৎসা হলো ব্যায়াম। চিকিৎসা শুরু করলে ভালো হতে ৩ থেকে ৬ মাস সময় লাগে। এর মধ্যে রয়েছে ক্যাপসুল ও সফট টিস্যুর স্ট্রেসিং ব্যায়াম, পেশি শক্তিশালী হওয়ার ব্যায়াম, ব্যথার ওষুধ সেবন, গরম বা ঠান্ডা সেঁক, ইন্ট্রাআর্টিকুলার স্টেরয়েড ইনজেকশন ও ইন্ট্রাআর্টিকুলার স্যালাইন থেরাপি। ওপরে বর্ণিত চিকিৎসায় ভালো না হলে আর্থ্রোস্কোপিক পদ্ধতিতে ছোট ছিদ্রের মাধ্যমে ক্যাপসুল রিলিজ ও স্যাব অ্যাকরোমিয়ন বিসংকোচন করা হয়।
বিজ্ঞাপন
এ বিষয়ে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল, শ্যামলী, ঢাকা-এর অর্থোপেডিক সার্জারি বিভাগের অধ্যাপক ডা. জি এম জাহাঙ্গীর হোসেন বিস্তারিত তথ্য প্রদান করেছেন।