ইসলামি শরিয়তে মৃত ব্যক্তিকে গোসল করানোর নিয়ম
মৃত ব্যক্তিকে গোসল দেওয়া জীবিতদের ওপর ফরজে কেফায়া হিসেবে গণ্য হয়।
ধর্ম ডেস্ক · ঢাকা
প্রকাশ:
ইসলামি শরিয়ত অনুযায়ী প্রতিটি মুসলিমের মৃত্যুর পর তাঁর মরদেহ সসম্মানে বিদায় জানানো জীবিতদের অন্যতম প্রধান দায়িত্ব। মৃত ব্যক্তিকে গোসল দেওয়া ‘ফরজে কেফায়া’, যার অর্থ সমাজের পক্ষ থেকে কিছু মানুষ এই দায়িত্ব পালন করলে সবার পক্ষ থেকেই তা আদায় হয়ে যায়।
বিজ্ঞাপন
গোসলের শুরুতে নিয়ত করে মৃত ব্যক্তিকে নামাজের অজুর ন্যায় অজু করাতে হবে। তবে এ সময় মুখে ও নাকে সরাসরি পানি প্রবেশ করানো যাবে না; বরং ভেজা আঙুল দিয়ে মুখ ও নাক পরিষ্কার করে দিতে হবে। তবে মৃত ব্যক্তি যদি গোসল ফরজ হওয়া অবস্থায়, কিংবা ঋতুস্রাব বা সন্তান প্রসবের পর মারা যান, তবে তাঁর মুখ ও নাকে পানি পৌঁছানো জরুরি।
এরপর তুলা দিয়ে মৃত ব্যক্তির দাঁতের মাড়ি পরিষ্কার করতে হবে এবং বরইপাতা বা সাবান মিশ্রিত হালকা গরম পানি দিয়ে মাথা ও দাড়ি ভালোভাবে ধৌত করতে হবে। এরপর ঘাড় থেকে পা পর্যন্ত ডান পার্শ্ব এবং পরে বাম পার্শ্ব ধৌত করতে হবে। মরদেহ একটু কাত করে পিঠের ডান ও বাম অংশ একইভাবে ধৌত করার নিয়ম রয়েছে।
পুরো শরীর তিনবার ধৌত করতে হবে। যদি তাতেও ময়লা পরিষ্কার না হয়, তবে ময়লা দূর হওয়া পর্যন্ত বেজোড় সংখ্যায় যেমন পাঁচ বা সাতবার ধৌত করতে হবে। গোসলের শেষবারের পানির সঙ্গে কাফুর বা কর্পূর ও আতর মিশিয়ে সমগ্র শরীরে ঢেলে দিতে হবে।
মৃত ব্যক্তির গোঁফ বা নখ বেশি লম্বা থাকলে কিছু আলেমের মতে তা কেটে ফেলা যায়, যদিও কেউ কেউ তা না কাটার পক্ষে মত দিয়েছেন। এরপর পরিষ্কার কাপড় দিয়ে শরীরের পানি আলতোভাবে মুছে ফেলতে হবে। নারী মৃত ব্যক্তির চুলগুলো তিনটি বেণি করে পেছনের দিকে ঝুলিয়ে রাখার নিয়ম রয়েছে।