ভুলবশত অজু ছাড়া নামাজ পড়লে করণীয় কী
অজু ছাড়া নামাজ পড়লে গুনাহ না হলেও পুনরায় নামাজ আদায় করা আবশ্যক
ধর্ম ডেস্ক · ঢাকা
প্রকাশ:
নামাজ আদায়ের অন্যতম ফরজ ও পূর্বশর্ত হলো অজু ও পবিত্রতা অর্জন। দৈনন্দিন ব্যস্ততা বা অন্যমনস্কতার কারণে অনেক সময় ভুলবশত অজু না করেই অনেকে নামাজে দাঁড়িয়ে যান এবং সালাম ফেরানোর পর বিষয়টি বুঝতে পারেন। শরিয়তের বিধান অনুযায়ী, এমন পরিস্থিতিতে করণীয় সম্পর্কে স্পষ্ট নির্দেশনা রয়েছে।
বিজ্ঞাপন
ইসলামের নিয়ম অনুযায়ী, ভুলবশত বা অবচেতন মনে কোনো ভুল হলে আল্লাহ তাআলা বান্দাকে এর জন্য অপরাধী করেন না। তাই অজু না থাকার বিষয়টি ভুলে গিয়ে কেউ নামাজ আদায় করলে তার কোনো গুনাহ হবে না। তবে ভুল বা অজ্ঞতার কারণে ইবাদতের অপরিহার্য শর্ত বাদ পড়ে গেলে সেই নামাজ বাতিল বলে গণ্য হয়, যা পুনরায় আদায় করা আবশ্যক।
এ বিষয়ে হজরত মুহাম্মদ (সা.) ইরশাদ করেছেন, ‘পবিত্রতা (অজু বা গোসল) ছাড়া কোনো নামাজ কবুল করা হয় না।’ (জামে তিরমিজি: ১, সহিহ মুসলিম: ২২৪)। এছাড়া ফিকহগ্রন্থ ‘ফাতাওয়া হিন্দিয়া’ (১/৮৯)-এর তথ্যমতে, অজু ছাড়া কিংবা কাপড়ে নাপাকি থাকা অবস্থায় নামাজ পড়ে বিষয়টি পরে মনে পড়লে সেই নামাজ নতুন করে পড়তে হবে।