রাজধানীর জুরাইনে ছুরিকাঘাতে স্যানিটারি মিস্ত্রি নিহত
নিহত সুমন মিলন ওরফে মিন্টু কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় সপরিবার ভাড়া থাকতেন
ঢাকা জেলা প্রতিনিধি · ঢাকা
প্রকাশ:
রাজধানীর জুরাইনে গতকাল শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সুমন মিলন ওরফে মিন্টু (৪০) নামের এক স্যানিটারি মিস্ত্রি নিহত হয়েছেন। নবারন এলাকায় এই হামলার ঘটনাটি ঘটে।
বিজ্ঞাপন
কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) মিঠুন মণ্ডল জানান, স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে সংবাদ পেয়ে পুলিশ জুরাইনের নবারন এলাকায় পৌঁছায়। ঘটনাস্থলে গিয়ে পুলিশ জানতে পারে যে, দুর্বৃত্তরা মিন্টুকে ছুরিকাঘাত করে পালিয়ে গেছে।
রাত পৌনে ১১টার দিকে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে। নিহতের দুই পা ও পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের জখম রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
ঘটনার কারণ কিংবা কারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এছাড়া মিন্টু কেন ওই এলাকায় গিয়েছিলেন, সে বিষয়েও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
নিহত মিন্টুর বাড়ি মাদারীপুরের কালকিনি উপজেলার চর ফতিবাহাদুরে এবং তাঁর বাবার নাম মৃত আবুল হোসেন মৃধা। তিনি সপরিবার কেরানীগঞ্জের হাসনাবাদ মোকামপাড়া মসজিদের পাশে একটি ভাড়া বাসায় থাকতেন।