সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল চাকরিজীবী বিশ্ববিদ্যালয় ছাত্রের
মোটরসাইকেল আরোহীদের পেছন থেকে পাজেরো গাড়ির ধাক্কা
ঢাকা জেলা প্রতিনিধি · ঢাকা
প্রকাশ:
রাজধানীর উত্তরার জসীমউদ্দীন রোড সংলগ্ন উড়ালসড়কে শুক্রবার দুপুরে এক সড়ক দুর্ঘটনায় মোবারক হোসেন ওরফে রাজু (২৪) ও ফরিদুল ইসলাম সরদার (৪০) নামে দুজন নিহত হয়েছেন। মোবারক হোসেন উত্তরায় অবস্থিত অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন এবং পাশাপাশি একটি আবাসন নির্মাণ প্রতিষ্ঠানে খণ্ডকালীন চাকরি করতেন। তিনি রাজধানীর ভাষানটেক এলাকায় একটি নির্মাণাধীন ভবনের কাজ তত্ত্বাবধান করতেন।
বিজ্ঞাপন
পুলিশ জানায়, শুক্রবার দুপুরে ভাষানটেক থেকে মোটরসাইকেলে চড়ে উত্তরার দিকে যাচ্ছিলেন মোবারক। তাঁর পেছনে বসা ছিলেন সহকর্মী ও নির্মাণ ঠিকাদার ফরিদুল ইসলাম সরদার। বেলা দুইটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উড়ালসড়কে দ্রুতগতির একটি পাজেরো গাড়ি তাঁদের মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে তাঁরা ছিটকে পড়ে গুরুতর আহত হন।
বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) মো. শফিকুল ইসলাম জানান, দুজনকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। পরে বিকেল পৌনে চারটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন। এসআই আরও জানান, ধাক্কা দেওয়া পাজেরো গাড়িটি শনাক্ত করা যায়নি এবং মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
নিহত মোবারকের বন্ধু ও সহপাঠী মো. হাসিব ব্যাপারী জানান, মোবারক বিশ্ববিদ্যালয়ে ক্লাস করতে যাওয়ার উদ্দেশ্যে উত্তরার দিকে রওনা হয়েছিলেন। মোবারক হোসেনের বাড়ি গাজীপুর সদর উপজেলার কেশরিতা গ্রামে এবং তাঁর বাবার নাম মো. শফিকুল ইসলাম। অন্যদিকে, ফরিদুল ইসলাম সরদারের বাড়ি গাইবান্ধা সদর উপজেলার রঘুনাথপুরে এবং তাঁর বাবার নাম শহীদুল ইসলাম সরদার।