ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন কোচ হলেন মরিসিও পচেত্তিনো
১৮ নভেম্বর থেকে দায়িত্ব গ্রহণ করবেন ৫৪ বছর বয়সী এই আর্জেন্টাইন কোচ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ:
ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন মরিসিও পচেত্তিনো। দলের হতাশাজনক পারফরম্যান্সের কারণে মাইকেল ক্যারিককে বরখাস্ত করার পর আর্জেন্টাইন এই কোচকে দায়িত্ব দেওয়া হয়েছে। ম্যানচেস্টার ইউনাইটেড এক বিবৃতিতে আজ এই খবর নিশ্চিত করেছে।
বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্র ফুটবল ফেডারেশনও পচেত্তিনোর নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে। তাদের বিবৃতি অনুযায়ী, বর্তমান ক্যাম্প শেষ হওয়ার পর তিনি যুক্তরাষ্ট্র পুরুষ জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব ছাড়বেন। এরপর তিনি ম্যানচেস্টার ইউনাইটেডের প্রধান কোচের দায়িত্ব নেবেন। আগামী ১৮ নভেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেবেন ৫৪ বছর বয়সী এই কোচ।
১ কোটি ইউরোর বেশি রিলিজ ক্লজ দিয়ে পচেত্তিনোকে দলে ভেড়াচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড। তবে ১৪ ও ১৭ নভেম্বর হাইতির বিপক্ষে কনকাকাফ নেশনস লিগের ম্যাচ দুটিতে যুক্তরাষ্ট্রের ডাগআউটে তিনিই থাকবেন। আন্তর্জাতিক বিরতির এই সময়টুকুতে জাতীয় দলের সকল কার্যক্রমের দায়িত্বও তাঁর অধীনেই থাকছে।
এর আগে সাউদাম্পটন, টটেনহাম হটস্পার, চেলসি, এস্পানিওল ও পিএসজির দায়িত্ব সামলেছেন পচেত্তিনো। ২০১৯ সালে তাঁর অধীনে টটেনহাম চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠেছিল। সর্বশেষ যুক্তরাষ্ট্র জাতীয় দলের কোচ হিসেবে বিশ্বকাপে কাজ করেছেন তিনি, যেখানে বেলজিয়ামের কাছে ৪–১ গোলে হেরে শেষ ষোলো থেকে বিদায় নেয় তাঁর দল।
ম্যানচেস্টার ইউনাইটেডের বর্তমান পরিস্থিতি বেশ চ্যালেঞ্জিং। প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত মাত্র এক ম্যাচে জয় পাওয়া দলটি পয়েন্ট তালিকায় ১৮ নম্বরে নেমে গেছে। চ্যাম্পিয়নস লিগেও ব্যর্থতার মধ্য দিয়ে যাচ্ছে ক্লাবটি।
বিজ্ঞাপন
নতুন দায়িত্ব নিয়ে কঠিন পরীক্ষার মুখে পড়তে হবে পচেত্তিনোকে। অ্যানফিল্ডে লিভারপুলের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাঁর নতুন অধ্যায়। এছাড়া ২৫ নভেম্বর চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে স্পোর্টিং পর্তুগালের মাঠে খেলতে যাবে ইউনাইটেড।