এমএমএ লড়াইয়ে অপরাজিত ওয়াসিম আকরামের ছেলে তৈমুর
যুক্তরাষ্ট্রে আয়োজিত মিক্সড মার্শাল আর্টসের প্রতিযোগিতায় টানা চতুর্থ জয় পেয়েছেন ৩০ বছর বয়সী তৈমুর আকরাম
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ:
ক্রিকেট বল হাতে নিলে ব্যাটসম্যানদের রাতের ঘুম হারাম করে দিতেন ওয়াসিম আকরাম। তাঁর নিখুঁত ইনসুইং, আউটসুইং আর ইয়র্কারের কারণে ক্রিকেট–বিশ্ব তাঁকে ‘সুলতান অব সুইং’ হিসেবে চেনে। তবে প্রকৃতির খেয়ালে সেই কিংবদন্তির বড় ছেলে তৈমুর আকরাম ক্রিকেট বল হাতে নেননি। বাবার মতো সুইং করানোর নেশা না থাকলেও, প্রতিপক্ষকে ঘুষি মেরে কুপোকাত করায় পারদর্শী হয়ে উঠেছেন তিনি। ক্রিকেটের রাজপুত্রের ছেলে এখন মিক্সড মার্শাল আর্টসের (এমএমএ) একজন যোদ্ধা।
বিজ্ঞাপন
‘বৃক্ষ তোমার নাম কী? ফলে পরিচয়।’—এই প্রবাদটি সব সময় সত্যি হয় না। ‘সুলতান অব সুইং’–এর ছেলে ক্রিকেটের পথে না হেঁটে বেছে নিয়েছেন ‘সুলতান অব ঢিসুম ঢিসুম’ হওয়ার পথ। তবে ছেলের এই লড়াই দেখে গর্বিত বাবা ওয়াসিম আকরাম। গত ৮ নভেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি তৈমুরের একটি ছবি পোস্ট করেন। ছবিতে লড়াইয়ের ভঙ্গিতে মুষ্টিবদ্ধ হাত নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায় ৩০ বছর বয়সী তৈমুরকে। এমএমএ ম্যাচের পর তোলা এই ছবির ক্যাপশনে আকরাম লিখেছেন, ‘কী দারুণ লড়াই! কী দারুণ জয়! ম্যাচ তিন রাউন্ড পর্যন্ত গড়িয়েছিল, বাইরে থেকে (সাইডলাইন) তা দেখা সহজ ছিল না। তবে তুমি দারুণ মনোবল, দৃঢ়তা ও লড়াকু মানসিকতা দেখিয়ে শেষ পর্যন্ত পয়েন্টের ব্যবধানে জয় ছিনিয়ে নিয়ে এসেছ!’
যুক্তরাষ্ট্রের স্থানীয় এক প্রতিযোগীকে হারিয়ে এমএমএতে টানা চতুর্থ জয় তুলে নিয়েছেন তৈমুর। বিশেষ বিষয় হলো, এখন পর্যন্ত ক্যারিয়ারে একবারও হারেননি তিনি। ছেলের এমন পারফরম্যান্সে আনন্দিত ওয়াসিম আকরাম আরও লিখেছেন, ‘এর চেয়ে বেশি খুশি বা গর্বিত হতে পারতাম না! অসাধারণ পারফরম্যান্স, তৈমুর! লড়াই চালিয়ে যাও, আরও এগিয়ে যাও এবং সামনের দিনগুলোতে তোমার জন্য রইল শুভকামনা।’
তৈমুরের এই সাফল্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তরা নানা মজার মন্তব্য করছেন। একজন ভক্ত লিখেছেন, ‘তাকে ইনসুইং পাঞ্চ শেখান।’ আরেকজনের আবদার, ‘ওয়াসিম ভাই, দয়া করে তাকে ইয়র্কার পাঞ্চ শেখান।’ ক্রিকেটের পরিভাষা এমএমএর রিংয়ে নিয়ে আসার এই চেষ্টা অনেকের কাছেই প্রশংসনীয়। ক্রিকেটে ইনসুইং আর ইয়র্কার যেমন ব্যাটসম্যানের জন্য আতঙ্কের নাম, ভক্তরা চাইছেন এমএমএর প্রতিপক্ষরাও যেন সেই অস্ত্রের নতুন সংস্করণ দেখতে পায়। ঘুষিতে ইনসুইং হয় কি না, কিংবা ইয়র্কার পাঞ্চ বলে কিছু আছে কি না, সেটি অবশ্য অন্য আলোচনার বিষয়।
ওয়াসিম আকরামের প্রথম স্ত্রী হুমা মুফতি ২০০৯ সালে মারা যান। তাঁদের দুই ছেলে তৈমুর ও আকবর। পরে ২০১৩ সালে অস্ট্রেলিয়ান শানেইরা থমসনকে বিয়ে করেন আকরাম, এই সংসারে তাঁদের মেয়ে আইলা রয়েছে। বর্তমানে যুক্তরাষ্ট্রে থাকা তৈমুর কেন ক্রিকেটে আসেননি, তা নিয়ে ২০২৩ সালে ‘ক্রিকেট পাকিস্তান’-কে দেওয়া এক সাক্ষাৎকারে ওয়াসিম আকরাম জানিয়েছিলেন। তিনি বলেন, ‘আমার ছেলে আমেরিকায় থাকে, সেখানে তো সেভাবে ক্রিকেট নেই বললেই চলে। যাহোক, আমি সন্তানদের তাদের নিজেদের পছন্দমতো জীবনযাপনের স্বাধীনতা দিয়েছি। সে যদি ফাইটার (যোদ্ধা) হতে চায়, তবে তার সেটাই হওয়া উচিত।’ বাবার মতো ক্রিকেটার না হওয়ার সিদ্ধান্তে আকরামের কোনো আপত্তি নেই, বরং তিনি সন্তানের নিজস্ব পছন্দকে গুরুত্ব দিয়েছেন।