আর্জেন্টিনার জার্সি ছেড়ে জন্মভূমির হয়ে খেলবেন কিকি রামোস
২০১০ সালের ভয়াবহ ভূমিকম্পে বেঁচে যাওয়া শিশুটি অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে হাইতির প্রতিনিধিত্ব করবেন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ:
একজন মানুষের জীবনে ফুটবলের আগমন ঘটে নানাভাবে। কারো ক্ষেত্রে তা বাবার হাত ধরে কিংবা পাড়ার মাঠ থেকে শুরু হয়, আবার কারো ক্ষেত্রে টেলিভিশনের পর্দায় মেসি-ম্যারাডোনাকে দেখে ফুটবলের প্রতি ভালোবাসা জন্মায়। স্টেফান অস্কার ‘কিকি’ রামোসের ফুটবল জীবনের গল্পটি অনেক পথ পেরিয়ে এসেছে, যা শুরু হয়েছিল এক ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের ধ্বংসস্তূপ থেকে।
বিজ্ঞাপন
২০১০ সালের ১২ জানুয়ারি হাইতির মাটিতে আঘাত হানে ৭ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প। রাজধানী পোর্ট-অ-প্রিন্স থেকে মাত্র ১৫ কিলোমিটার দূরে ছিল এই ভূমিকম্পের কেন্দ্রস্থল, যাতে দুই লাখের বেশি মানুষ প্রাণ হারান। শহরজুড়ে তখন ধ্বংসস্তূপ, বেঁচে থাকার লড়াই আর স্বজন হারানোর আহাজারি। সেই দুর্যোগের সময় একটি অনাথ আশ্রমে বেঁচে যাওয়া শিশুদের মধ্যে ছিলেন কিকি রামোস, যার বয়স তখন ছিল মাত্র ৮-৯ মাস। ভাগ্যের লিখন এমনই যে, ভূমিকম্পের আগেই একটি আর্জেন্টাইন পরিবার তাঁকে দত্তক নেওয়ার প্রক্রিয়া শুরু করেছিল। বিপর্যয়ের মধ্যেও কাগজপত্র অক্ষত থাকায় শিশুটির জন্য নতুন জীবনের দুয়ার খুলে যায় এবং হাইতির পোর্ট-অ-প্রিন্স থেকে তাঁর ঠিকানা হয় আর্জেন্টিনা।
এরপর তাঁর বেড়ে ওঠার গল্পটি সাধারণ আর্জেন্টাইন ছেলেদের মতোই। ছয় বছর বয়সে তিনি ভেলেজ সার্সফিল্ডের বয়সভিত্তিক দলে ভর্তি হন এবং বল পায়ে স্বপ্ন দেখতে শুরু করেন। বয়সভিত্তিক ফুটবলের সিঁড়ি বেয়ে তিনি ধীরে ধীরে নিজেকে গড়ে তোলেন। সেই ছেলেটিই এখন ফুটবল বিশ্বে আলোচনার কেন্দ্রে। আগামী ১৯ নভেম্বর থেকে ১৩ ডিসেম্বর কাতারে অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ। সেখানে আর্জেন্টিনার হয়ে নয়, বরং কিকি রামোস খেলবেন হাইতির হয়ে। জন্মভূমির ডাকে সাড়া দিয়ে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। আর্জেন্টিনার বয়সভিত্তিক দলে প্রীতি ম্যাচ খেললেও শেষ পর্যন্ত তিনি হাইতিকেই বেছে নিয়েছেন এবং বিশ্বকাপে অংশ নিতে ব্রাজিলে হাইতির দলের অনুশীলন ক্যাম্পে যোগ দিয়েছেন।
আর্জেন্টিনার জন্য তাঁর এই সিদ্ধান্ত কিছুটা বিস্ময় হয়েই এসেছে। গত জুলাইয়ের শেষ দিকে ইকুয়েডরের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচে আর্জেন্টিনার অনূর্ধ্ব-১৭ দলের হয়ে খেলেছিলেন রামোস। প্রথম ম্যাচে বদলি হিসেবে নেমে তাঁর অভিষেক হয় এবং দ্বিতীয় ম্যাচে নিজের জাত চিনিয়েছেন। আতালান্তার লেওন কোলবোভস্কি স্টেডিয়ামে প্রথমার্ধে পিছিয়ে থাকা আর্জেন্টিনাকে সমতায় ফেরানো গোলটি ছিল রামোসের। তখন মনে হয়েছিল, শুধু বয়সভিত্তিক দল নয়, আর্জেন্টিনার জাতীয় দলের গন্তব্যও হয়তো তাঁর জন্য অপেক্ষা করছে। সে ক্ষেত্রে আর্জেন্টিনার হয়ে একজন কৃষ্ণাঙ্গ ফুটবলারকে খেলার বিরল অভিজ্ঞতা হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল।
কিন্তু রামোসের চিন্তা ছিল ভিন্ন। যে দেশের ভাষায় কথা বলেন, যে দেশের রাস্তায় বড় হয়েছেন এবং যে দেশের ফুটবল সংস্কৃতিতে নিজেকে গড়ে তুলেছেন, সেই দেশের জার্সি ছেড়ে তিনি বিশ্বকাপ খেলতে যাচ্ছেন নিজের জন্মভূমির হয়ে। শিকড়ের টানই তাঁকে এই পথে টেনেছে।
বিজ্ঞাপন
কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে হাইতির হয়ে তিনি ফ্রান্স, সৌদি আরব ও উরুগুয়ের বিপক্ষে খেলবেন। অন্যদিকে আর্জেন্টিনা খেলবে অস্ট্রেলিয়া, মোজাম্বিক ও ডেনমার্কের বিপক্ষে। তবে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে হাইতির হয়ে খেললেও আর্জেন্টিনার হয়ে খেলার পথ পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে না।
হাইতির জাতীয় দলের হয়ে তিনটি অফিশিয়াল ম্যাচ না খেলা পর্যন্ত তাঁর জন্য আর্জেন্টিনার হয়ে খেলার সুযোগ অবশিষ্ট থাকবে। ফুটবলে জাতীয় দলের জার্সি কখনো প্রতিভার স্বীকৃতি, আবার কখনো শিকড়ের কাছে ফিরে যাওয়ার উপায়। কিকি রামোসের কাছে হাইতির জার্সি হয়তো তেমনই কিছু, যে দেশ তাঁকে পৃথিবীর আলো দেখিয়েছে, সেই দেশের হয়ে এখন বিশ্বমঞ্চে আলো ছড়ানোর পালা।