বিশ্বজুড়ে মাইক্রোসফটের বিভিন্ন সেবায় বিপর্যয়
আউটলুক, টিমস ও কোপাইলটসহ বিভিন্ন সেবা ব্যবহারে সমস্যার সম্মুখীন ব্যবহারকারীরা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ:
বিশ্বজুড়ে মাইক্রোসফটের ই-মেইল সেবা আউটলুকে বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে। এর ফলে মাইক্রোসফটের গুরুত্বপূর্ণ কয়েকটি সেবা ব্যবহার করতে পারছেন না ব্যবহারকারীরা। এ বিপর্যয়ের প্রভাব ই-মেইল সেবার পাশাপাশি অনলাইন যোগাযোগের প্ল্যাটফর্ম টিমস ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সহকারী কোপাইলটের ওপরও পড়েছে। বাংলাদেশেও আউটলুক, মাইক্রোসফট টিমস এবং ওয়ার্ড ৩৬৫ ব্যবহার করতে পারছেন না গ্রাহকরা।
বিজ্ঞাপন
অনলাইন সেবায় বিঘ্নের তথ্য সংগ্রহকারী ওয়েবসাইট ডাউনডিটেক্টর জানিয়েছে, ৭৪টি দেশ ও অঞ্চলে এই সমস্যা দেখা দিয়েছে। ডাউনডিটেক্টরের প্রকাশ করা মানচিত্রে দেখা যায়, আমেরিকা মহাদেশের পাশাপাশি ইউরোপ, এশিয়া ও আফ্রিকার বিভিন্ন অংশের ব্যবহারকারীরা এই বিপর্যয়ের শিকার হয়েছেন। বিপর্যয় শুরুর মাত্র এক ঘণ্টার মধ্যেই তা বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। বিভিন্ন কোম্পানি ও সরকারি প্রতিষ্ঠানগুলো জানিয়েছে, আউটলুকের মাধ্যমে তারা যোগাযোগ করতে পারছে না।
মাইক্রোসফট জানিয়েছে, তাদের প্রযুক্তিগত অবকাঠামোর ওপর অতিরিক্ত চাপের কারণে এই সমস্যা তৈরি হয়েছে। গতকাল বৃহস্পতিবার মার্কিন প্রযুক্তি জায়ান্টটি জানায়, সেবা সচল রাখার সক্ষমতা বাড়াতে তারা যেসব পরিবর্তন এনেছিল, তা প্রত্যাশা অনুযায়ী কাজ করছে না। মাইক্রোসফট সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বার্তায় বলেছে, ‘সেবা সচল রাখার সক্ষমতা বাড়াতে আমরা যেসব পরিবর্তন এনেছিলাম, সেগুলোর কার্যকারিতা পর্যবেক্ষণ করে দেখেছি যে তা প্রত্যাশা অনুযায়ী কাজ করছে না।’
প্রতিষ্ঠানটি আরও জানায়, তারা বর্তমানে বিকল্প উপায় খুঁজছে। তবে সব সেবা কত সময়ের মধ্যে পুরোপুরি সচল হবে, সে বিষয়ে মাইক্রোসফট নির্দিষ্ট করে কিছু জানায়নি।