ক্যানসার চিকিৎসায় নতুন ইনস্টিটিউট ও মলিকুলার বায়োলজি ল্যাব করবে সরকার
স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত জানান, বিভাগীয় পর্যায়ে ১০টি শহরে ক্যানসার চিকিৎসাসেবা চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে।
স্বাস্থ্য ডেস্ক · ঢাকা
প্রকাশ:
স্তন ক্যানসারের চিকিৎসায় আধুনিক প্রযুক্তি ও দক্ষ জনবল তৈরির ওপর সরকার গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত। শুক্রবার দুপুর ১২টার দিকে রাজধানীর কারওয়ান বাজারের একটি হোটেলে বাংলাদেশ সোসাইটি ফর ব্রেস্ট ক্যানসার স্টাডিজ আয়োজিত ‘ষষ্ঠ বাংলাদেশ ব্রেস্ট ক্যানসার কনফারেন্স–২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি জানান, ক্যানসারের চিকিৎসায় মলিকুলার বায়োলজির বিভিন্ন কৌশল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, তাই সরকার জাতীয় পর্যায়ে একটি মলিকুলার বায়োলজি ল্যাবরেটরি তৈরির সিদ্ধান্ত নিয়েছে এবং এ বিষয়ে ইতিমধ্যে কাজ শুরু হয়েছে।
বিজ্ঞাপন
পাশাপাশি নতুন ক্যানসার ইনস্টিটিউট গড়ে তোলা, আধুনিক যন্ত্রপাতি কেনাসহ দেশে-বিদেশে ক্যানসার–বিশেষজ্ঞদের প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, সময়মতো শনাক্ত ও সঠিক চিকিৎসা নিশ্চিত করা গেলে স্তন ক্যানসারে আক্রান্ত নারীদের দীর্ঘদিন সুস্থভাবে বেঁচে থাকা সম্ভব। এ লক্ষ্যে নির্দিষ্ট বয়সী নারীদের জন্য স্ক্রিনিং কর্মসূচি চালু করা প্রয়োজন এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, চিকিৎসক ও দেশি-বিদেশি গবেষকদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি। তিনি আরও জানান, দেশের বিভাগীয় পর্যায়ে ১০টি শহরে ক্যানসার চিকিৎসাসেবা চালুর পরিকল্পনা নিয়েছে সরকার। এগুলোকে ক্যানসার চিকিৎসার আঞ্চলিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার পাশাপাশি আশপাশের জেলা হাসপাতালগুলোর সঙ্গে যুক্ত করা হবে, যাতে রোগীরা নিজ নিজ এলাকায় প্রাথমিক সেবা ও প্রয়োজনীয় পরামর্শ পেতে পারেন এবং পরে প্রয়োজন অনুযায়ী বিশেষায়িত কেন্দ্রে যাওয়ার সুযোগ পান।
এম এ মুহিত বলেন, বর্তমানে ঢাকা ও চট্টগ্রামসহ কয়েকটি বড় শহরে ক্যানসারের বিশেষায়িত চিকিৎসার সুযোগ সীমিত হওয়ায় রোগীদের ভোগান্তিতে পড়তে হয়, তাই সরকার চিকিৎসাসেবা বিকেন্দ্রীকরণের উদ্যোগ নিয়েছে। অনুষ্ঠানে বাংলাদেশে স্তন ক্যানসার নিয়ে গবেষণার তথ্য তুলে ধরে তিনি জানান, অর্ধেকের বেশি রোগী চিকিৎসার জন্য দেরিতে হাসপাতালে এসেছেন, যার মধ্যে ২২ শতাংশ দ্বিতীয় থেকে তৃতীয় পর্যায়ে এবং ৩১ শতাংশ চতুর্থ পর্যায়ে এসেছেন। বাংলাদেশের মতো দেশে সাশ্রয়ী ও কার্যকর স্ক্রিনিং ব্যবস্থা গড়ে তোলা বড় চ্যালেঞ্জ উল্লেখ করে তিনি বলেন, দেশের প্রায় ৮০ শতাংশ মানুষ গ্রামে বাস করেন, তাই সীমিত ব্যয়ে বেশি মানুষের কাছে সেবা পৌঁছে দেওয়ার উপায় খুঁজতে হবে।
গবেষণার তথ্য অনুযায়ী ৩৪ শতাংশ রোগীর ক্ষেত্রে রোগ ফিরে আসা বা শরীরের অন্য স্থানে ছড়িয়ে পড়ার কথা জানিয়ে তিনি উন্নত চিকিৎসা ও ব্যবস্থাপনার মাধ্যমে এই হার কমিয়ে আনার ওপর গুরুত্ব দেন। স্বাস্থ্য প্রতিমন্ত্রী জানান, সরকার স্বাস্থ্য খাতে ই-হেলথ কার্ড বা ই-হেলথ ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে, যা চালু হলে নাগরিকদের স্বাস্থ্যসংক্রান্ত তথ্য ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষণের সুযোগ তৈরি হবে এবং ভবিষ্যতে একটি মানসম্মত জাতীয় ক্যানসার নিবন্ধনব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে। তিনি বলেন, এই ব্যবস্থা রেফারেল পদ্ধতিকে কার্যকর করবে এবং পরিচয় গোপন রেখে রোগীর তথ্য গবেষণার কাজে ব্যবহার করা যাবে, যা ক্যানসার চিকিৎসার নতুন পদ্ধতি ও প্রযুক্তি উন্নয়নে সহায়তা করবে।
বিজ্ঞাপন
স্তনের ক্যানসার শনাক্তকরণ ও চিকিৎসায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহারের সম্ভাবনার কথা তুলে ধরে এম এ মুহিত বলেন, স্ক্রিনিং ও রেডিওথেরাপিসহ চিকিৎসার বিভিন্ন ক্ষেত্রে এআই ব্যবহারের বড় সুযোগ রয়েছে, তবে এ বিষয়ে আরও গবেষণা ও তথ্য দরকার। সম্মেলনের উদ্বোধনীতে সভাপতিত্ব করেন বাংলাদেশ সোসাইটি ফর ব্রেস্ট ক্যানসার স্টাডিজের সভাপতি অধ্যাপক কামরুজ্জামান চৌধুরী। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন যুক্তরাষ্ট্রের টাফটস ইউনিভার্সিটির হেমাটোলজি ও অনকোলজি বিভাগের চেয়ার অধ্যাপক ডন এস ডিজন এবং যুক্তরাষ্ট্রের ইউটি হেলথ সান আন্তোনিওর সার্জারি বিভাগের অধ্যাপক ইসমাইল জাতোইসহ অনেকে।