সাফ চ্যাম্পিয়নশিপে ভিএআর প্রযুক্তি পরিচালিত হবে থাইল্যান্ড থেকে
টুর্নামেন্টের সেমিফাইনাল ও ফাইনালে মাঠের রেফারিকে সহায়তা করতে থাইল্যান্ডের নিয়ন্ত্রণকক্ষ থেকে কাজ করবেন ফিফা স্বীকৃত রেফারিরা
খেলা ডেস্ক · ঢাকা
প্রকাশ:
সাফ চ্যাম্পিয়নশিপের ইতিহাসে এবারই প্রথম ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রযুক্তি যুক্ত করা হয়েছে। টুর্নামেন্টের সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচে এই প্রযুক্তির সহায়তা নেওয়া হবে। তবে ঢাকার জাতীয় স্টেডিয়ামে ম্যাচগুলো অনুষ্ঠিত হলেও ভিএআর কার্যক্রম পরিচালিত হবে থাইল্যান্ডের নিয়ন্ত্রণকক্ষ থেকে।
বিজ্ঞাপন
সাফ সাধারণ সম্পাদক পুরুষোত্তম ক্যাটেল জানান, ভিএআর পরিচালনার জন্য আয়োজক দেশেই নিয়ন্ত্রণকেন্দ্র থাকতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। তিনি বলেন, ‘দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর ফুটবলেও একই ব্যবস্থা চালু আছে। আসিয়ান ফুটবল ফেডারেশনের (এএফএফ) অধীনে ইন্দোনেশিয়া থেকে মিয়ানমার—বিভিন্ন দেশের ম্যাচের ভিএআর কার্যক্রম থাইল্যান্ডের কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষ থেকে পরিচালিত হয়। ওদের পুরো অঞ্চলের খেলা থাইল্যান্ড থেকে নিয়ন্ত্রণ করা হয়। ইন্দোনেশিয়া থেকে থাইল্যান্ডের দূরত্ব বাংলাদেশের চেয়েও বেশি। ভৌগোলিক দূরত্ব এখানে কোনো সমস্যা নয়।’
ভবিষ্যতে বাংলাদেশেও কেন্দ্রীয় ভিএআর ব্যবস্থা গড়ে তোলার সম্ভাবনা রয়েছে বলে মনে করেন পুরুষোত্তম ক্যাটেল। তিনি উল্লেখ করেন, ‘বাংলাদেশে একটি ভিএআর কেন্দ্র স্থাপন করা হলে সেখান থেকে অন্য দেশের ম্যাচও পরিচালনা করা সম্ভব। যেমন করাচিতে কোনো ম্যাচ হলেও ঢাকার ভিএআর কেন্দ্র থেকে সেটি নিয়ন্ত্রণ করা যাবে। অর্থাৎ, ম্যাচের ভেন্যু আর ভিএআর পরিচালনার কেন্দ্র একই দেশে হওয়া জরুরি নয়।’
এবারের সাফ চ্যাম্পিয়নশিপে ভিএআর চালুর উদ্যোগে সাফ ও এএফএফ সহযোগিতা করছে এবং কারিগরি দায়িত্বে রয়েছে স্পেনভিত্তিক ফিফা সনদপ্রাপ্ত প্রতিষ্ঠান কোয়ালিটি। ঢাকার জাতীয় স্টেডিয়ামের ক্যামেরায় ধারণ করা সরাসরি ছবি থাইল্যান্ডের নিয়ন্ত্রণকক্ষে পাঠানো হবে। সেখানে ফিফা স্বীকৃত ভিএআর রেফারিরা সিদ্ধান্ত পর্যালোচনা করে মাঠের রেফারিকে সহায়তা করবেন। আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা আইএফএবির ভিএআর প্রটোকল মেনেই এই কার্যক্রম চলবে। জাতীয় স্টেডিয়ামে রেফারি রিভিউ এরিয়া (আরআরএ) ও টেকনিক্যাল অপারেশনস টিম এরিয়া মনিটর (টিওটিএএম) প্রস্তুত করা হয়েছে এবং কোয়ালিটির বিশেষজ্ঞরা মাঠে কাজ করছেন।
আগামী ১৪ নভেম্বর সাফ চ্যাম্পিয়নশিপের দুটি সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। বেলা তিনটায় ভারত ও ভুটান এবং রাত সাড়ে আটটায় বাংলাদেশ ও পাকিস্তান একে অপরের মুখোমুখি হবে। টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি ১৭ নভেম্বর অনুষ্ঠিত হবে।