জলসিঁড়িতে চলছে দুই দিনব্যাপী উইন্টার ওয়েলনেস ফেস্ট
তিন দিনব্যাপী এই উৎসবের দ্বিতীয় দিনে নাচ, যোগব্যায়াম ও মানসিক স্বাস্থ্য সচেতনতামূলক বিভিন্ন আয়োজন অনুষ্ঠিত হয়েছে।
ঢাকা জেলা প্রতিনিধি · ঢাকা
প্রকাশ:
রাজধানীর জলসিঁড়িতে অবস্থিত ফোর্টিস প্ল্যাটিনাম লাউঞ্জে চলছে ‘দ্য ফ্লো ফেস্ট’-এর পঞ্চম আসর ‘উইন্টার ওয়েলনেস ফেস্ট’। গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) উৎসবটি উদ্বোধনের পর শুক্রবার (১৩ নভেম্বর) এর দ্বিতীয় দিনে সব বয়সি মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা গেছে। আয়োজকদের ভাষ্যমতে, আধুনিক বিজ্ঞান, মানসিক স্বাস্থ্যসেবা এবং প্রাচীন জীবনদর্শনের সমন্বয়ে সুস্থ জীবনযাপন সম্পর্কে ধারণা দিতেই এই আয়োজন করা হয়েছে।
বিজ্ঞাপন
উৎসবের দ্বিতীয় দিনে ইয়োগা, ধ্যান, মাইন্ডফুল আর্ট ও গল্প বলার আসরের পাশাপাশি ‘সোল গ্রুভ’, ম্যাট পিলাটেস, ওডিসি, লাতিন ও সমসাময়িক নৃত্য, সালসা এবং সাউন্ড হিলিং সেশন অনুষ্ঠিত হয়েছে। ‘কানেকশন স্টেজ’-এ ডা. আরমান এবং ডন সামদানি ‘দ্য সুখী ওয়ে’ ও পাবলিক স্পিকিং নিয়ে আলোচনা করেন। এছাড়া ইউনাইটেড এবং ‘ইগিয়ে’-এর সহযোগিতায় মানসিক স্বাস্থ্যবিষয়ক ‘শেয়ারাপি’ সেশন এবং বিকেলে পাঞ্জা লড়াই, রিকশা আর্ট ও আমিন হান্নানের গেইম সেগমেন্ট ছিল উল্লেখযোগ্য। সন্ধ্যা সাড়ে ৫টায় ব্যান্ড ‘ক্যাসেট’-এর কনসার্টের মাধ্যমে দ্বিতীয় দিনের কার্যক্রম শেষ হয়।
শনিবার (১৪ নভেম্বর) উৎসবের শেষ দিনে সকাল ১০টায় ‘এসওয়াইএম সোসাইটি’র মর্নিং গ্রুভের মাধ্যমে কার্যক্রম শুরু হবে। দ্য ফ্লো ফেস্টের প্রতিষ্ঠাতা সাজিয়া ওমরের সঞ্চালনায় সাহিত্য আলোচনা, আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ও ফ্লো কর্পোরেট চ্যালেঞ্জ অনুষ্ঠিত হবে। সন্ধ্যা সাড়ে ৫টায় ব্যান্ড ‘তুই’-এর পরিবেশনার মধ্য দিয়ে উৎসবের পর্দা নামবে। এছাড়া ‘দ্য ফ্লো মার্কেট’-এ বিভিন্ন ওয়েলনেস ব্র্যান্ড ও খাবারের স্টল রয়েছে, যেখানে নতুন করে যুক্ত হয়েছে ‘বেয়ার অ্যান্ড ব্লুম’ এবং ‘ভর্তা ব্রোস’।
শনিবার সকাল ১০টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত উৎসবটি সবার জন্য উন্মুক্ত থাকবে। এর এক দিনের প্রবেশমূল্য ৩৫০ টাকা নির্ধারণ করা হয়েছে, তবে পাঁচ বছরের কম বয়সি শিশুদের জন্য প্রবেশ ফ্রি। দর্শনার্থীদের যাতায়াতের জন্য গুলশান-২ এর ফ্লো স্টুডিও থেকে শাটল বাসের সুবিধা রাখা হয়েছে। আয়োজকরা দর্শনার্থীদের ইয়োগা ম্যাট, পিকনিক চাদর এবং পানির বোতল সাথে আনার পরামর্শ দিয়েছেন।