মহাখালী থেকে নিখোঁজ বিমাকর্মীর সন্ধান তিন দিনেও মেলেনি
তিন দিন পেরিয়ে গেলেও হীরা লালকে খুঁজে পায়নি পুলিশ
ঢাকা জেলা প্রতিনিধি · ঢাকা
প্রকাশ:
ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী হীরা লাল (মানিক) নিখোঁজ হয়েছেন। গত মঙ্গলবার রাজধানীর মহাখালীর টিবি গেট এলাকা থেকে তিনি নিখোঁজ হওয়ার পর তিন দিন পেরিয়ে গেলেও তাঁর সন্ধান মেলেনি। এ ঘটনায় তাঁর ছেলে রিমন লাল গত বুধবার বনানী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
বিজ্ঞাপন
স্বজনেরা জানান, মঙ্গলবার সকালে হীরা লাল পুরান ঢাকার বাসা থেকে কর্মস্থলে যান। বেলা ১১টা ৫৬ মিনিটে স্ত্রীর সঙ্গে মুঠোফোনে কথা বলার সময় তিনি জানিয়েছিলেন, কিছুক্ষণের মধ্যেই বাসায় ফিরবেন। তবে এরপর থেকে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যাচ্ছে এবং পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খুঁজেও তাঁর কোনো খোঁজ পাননি।
পুলিশ জানায়, সিসিটিভি ফুটেজে মঙ্গলবার বেলা দেড়টার দিকে মহাখালীর ব্র্যাক সেন্টারের সামনে দিয়ে তাঁকে হাঁটতে দেখা গেছে। এরপর ফুটেজে আর তাঁকে দেখা যায়নি। বনানী থানার উপপরিদর্শক (এসআই) ও জিডির তদন্ত কর্মকর্তা মো. রেজোয়ানুল হক জানান, হীরা লালের মুঠোফোন বন্ধ রয়েছে এবং তাঁকে খুঁজে বের করার চেষ্টা চলছে।