ছাত্রদলের ১৩ জনের নামের তালিকা প্রধানমন্ত্রীর টেবিলে
শীর্ষ নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়া ও নিয়মিত শিক্ষার্থী বনাম অভিজ্ঞ নেতার বিতর্কে ঝুলে আছে ছাত্রদলের নতুন কমিটি
নিজস্ব প্রতিবেদক · ঢাকা
প্রকাশ:
ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটি গঠনের লক্ষ্যে ১৩ জন সম্ভাব্য নেতার একটি তালিকা বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে জমা দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে। সম্ভাব্য এসব নেতার রাজনৈতিক প্রেক্ষাপট, পারিবারিক পরিচয় ও ব্যক্তিগত জীবনযাপন নিয়ে বিস্তারিত খোঁজখবর নেওয়া হয়েছে। আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে যে, এই তালিকা থেকেই ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ শীর্ষ পাঁচ নেতাকে চূড়ান্ত করা হতে পারে।
বিজ্ঞাপন
নতুন কমিটি গঠনের প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছয়জন নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, কমিটি ঘোষণার নির্দিষ্ট সময়সীমা সম্পর্কে কেউ নিশ্চিত নন। তাদের ভাষ্যমতে, নতুন কমিটি কবে ঘোষণা হবে তা প্রধানমন্ত্রী ছাড়া আর কেউ জানেন না। বর্তমানে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে এবং ঢাকা মহানগর উত্তর যুবদলেও নতুন নেতৃত্ব এসেছে। যুবদল ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটি পুনর্গঠনের কাজ চলমান থাকলেও ছাত্রদলের বিষয়ে কোনো ঘোষণা না আসায় পদপ্রত্যাশীদের অপেক্ষা দীর্ঘ হচ্ছে।
ছাত্রদলের বর্তমান কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছিল ২০২৪ সালের ১ মার্চ, যেখানে রাকিবুল ইসলামকে সভাপতি ও নাছির উদ্দীনকে সাধারণ সম্পাদক করা হয়। গত ১৩ আগস্ট রাতে গুলশানে বিএনপির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে তারেক রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেন বর্তমান কমিটির শীর্ষ নেতারা। সাক্ষাতের পর ওই রাতেই সভাপতি রাকিবুল ইসলাম ফেসবুকে লেখেন, ‘জীবনের শ্রেষ্ঠ অধ্যায়ের পরিসমাপ্তি ঘটতে চলেছে।’ পরদিন ১৪ আগস্ট সকালে সাধারণ সম্পাদক নাছির উদ্দীন ফেসবুকে পোস্ট দিয়ে জানান, ‘ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের আজ শেষ দিন।’
ফেসবুকে বিদায়ের ইঙ্গিত দেওয়ার পর থেকেই নতুন কমিটির প্রত্যাশা তৈরি হয়েছিল, কিন্তু সেই ঘোষণা আর আসেনি। ফলে বিদায়ের প্রস্তুতি নেওয়া বর্তমান কমিটির নেতাদেরই সাংগঠনিক দায়িত্ব পালন করতে হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক বর্তমান কেন্দ্রীয় কমিটির এক শীর্ষ নেতা বলেন, ‘বিদায় নিয়ে এসেছি। ফেসবুকে স্ট্যাটাসও দিয়েছি। কিন্তু নতুন কমিটি হচ্ছে না। কী যে অপমান-অপদস্থ অবস্থার মধ্যে আছি! কেউ কথাও শুনছে না!’
প্রধানমন্ত্রীর কার্যালয়ের একাধিক সূত্র জানায়, সম্ভাব্য সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থীদের জীবনবৃত্তান্ত প্রধানমন্ত্রীর কাছে রয়েছে। গোয়েন্দা সংস্থার মাধ্যমে ১৩ জন নেতার অতীত কর্মকাণ্ড, পরিবারের রাজনৈতিক পরিচয় এবং বর্তমান জীবনযাপন যাচাই করে প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। তবে এই ১৩ জন কারা, তা এখনো জানা যায়নি। নেতৃত্ব নির্বাচনের মানদণ্ড নিয়ে নীতিনির্ধারণী পর্যায়ে দুটি মত রয়েছে। একটি অংশ নিয়মিত শিক্ষার্থীদের নেতৃত্বে আনার পক্ষে, অন্যদিকে আরেকটি অংশ অভিজ্ঞ নেতাদের রাখার পক্ষে। এই দুই অবস্থানের কারণে সিদ্ধান্ত ঝুলে আছে বলে ধারণা করা হচ্ছে।
বিজ্ঞাপন
শীর্ষ পদে সম্ভাব্য হিসেবে আলোচনায় থাকা এক নেতা বলেন, ‘নতুন কমিটি নিয়ে অন্ধকারে আছি।’ তিনি আরও জানান, আগে কমিটি গঠন প্রক্রিয়ায় যুক্ত থাকা ব্যক্তিরাও এখন কমিটি ঘোষণার বিষয়ে স্পষ্ট কিছু বলতে পারছেন না। এ ছাড়া যুবদল ও স্বেচ্ছাসেবক দলের কমিটি আগে হয়ে যাওয়ার সম্ভাবনা নিয়ে পদপ্রত্যাশীদের মধ্যে দুশ্চিন্তা রয়েছে। অতীতে ছাত্রদল থেকে বাদ পড়া নেতাদের অন্য সংগঠনে দায়িত্ব দেওয়া হতো, কিন্তু এবার সেই সুযোগ থাকবে কি না তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।
একজন পদপ্রত্যাশী নেতা জানান, দীর্ঘদিন ধরে অনুসারীদের সঙ্গে যোগাযোগ ও সাংগঠনিক তৎপরতা বজায় রাখতে নিয়মিত অর্থ ব্যয় করতে হচ্ছে। কমিটিতে জায়গা না পেলে এসব অনুসারীদের সামাল দেওয়া কঠিন হবে বলে তিনি আশঙ্কাপ্রকাশ করেন। ছাত্রদলের একাধিক নেতা মনে করেন, দীর্ঘ সময় নেতৃত্বহীন থাকলে শিক্ষার্থীদের দাবি নিয়ে কাজ করার বদলে পদপ্রত্যাশীদের মনোযোগ কেবল কমিটি পাওয়ার দিকেই সীমাবদ্ধ হয়ে পড়ে।
বর্তমান কমিটির এক শীর্ষ নেতা দ্রুত সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুসারীরা বিভিন্ন ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছেন। এমন পরিস্থিতিতে ছাত্রদলের নেতা-কর্মীদের সুস্পষ্ট নির্দেশনা ও সমন্বিতভাবে কাজ করার জন্য নেতৃত্বের অনিশ্চয়তা কাটানো প্রয়োজন। আগামীকাল শনিবার গুলশানে বিএনপির কার্যালয়ে ছাত্রদলের কর্মশালা অনুষ্ঠিত হবে, যেখানে নতুন নির্দেশনা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।