যুক্তরাষ্ট্রে এক বছরে রেকর্ডসংখ্যক অভিবাসী গ্রেপ্তার ও বিতাড়ন
গত এক অর্থবছরে ৪ লাখ ৮৩ হাজার ২০০ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ:
যুক্তরাষ্ট্র সরকার এক বছরে প্রায় পাঁচ লাখ অভিবাসীকে গ্রেপ্তার এবং প্রায় সমসংখ্যক মানুষকে দেশ থেকে বিতাড়িত করেছে। গত বুধবার যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (ডিএইচএস) জানিয়েছে, দেশটিতে এর আগে এক বছরে এত মানুষকে গ্রেপ্তার বা নিজ দেশে ফেরত পাঠানোর রেকর্ড নেই।
বিজ্ঞাপন
ডিএইচএসের তথ্যমতে, গেল অর্থবছরে (১ অক্টোবর ২০২৫ থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৬) ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) ৪ লাখ ৮৩ হাজার ২০০ অভিবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে। একই সময়ে সংস্থাটি ৪ লাখ ৯১ হাজারের বেশি অভিবাসীকে গ্রেপ্তার করেছে, যা সংস্থাটির ২৩ বছরের ইতিহাসে সর্বোচ্চ। এর আগে ২০২৫ সালে আইসিই ৪ লাখ ৪২ হাজার ৬৪০ জনকে বিতাড়িত করেছিল।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত মঙ্গলবার সিবিএসের এক অনুষ্ঠানে জানান, তাঁর প্রশাসনের অভিবাসন নীতি ‘কিছুটা বেশি কঠোর’ হতে পারে। তিনি দাবি করেন, অপরাধীদের বের করে দিয়ে বেশ প্রশংসা পাচ্ছেন। এর এক দিন পর ডিএইচএস এই হিসাব প্রকাশ করে।
যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের মন্ত্রী মার্কওয়েইন মুলিন এক বিবৃতিতে উল্লেখ করেন, গত আগস্টে আইসিই সর্বোচ্চ ৫০ হাজার ৯২৫ জনকে গ্রেপ্তার করেছিল। এছাড়া গত সেপ্টেম্বরে ৪৮ হাজারের বেশি অভিবাসীকে গ্রেপ্তার করা হয়, যা টানা দুই মাস গ্রেপ্তারের রেকর্ড তৈরি করেছে।
ওয়াশিংটন ডিসিভিত্তিক গবেষণাপ্রতিষ্ঠান সেন্টার ফর ইমিগ্রেশন স্টাডিজের (সিআইএস) গবেষণা পরিচালক স্টিভেন ক্যামারোটা এই হিসাব নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, ট্রাম্প যে আগের যেকোনো প্রেসিডেন্টের চেয়ে অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন, এতে কোনো সন্দেহ নেই। তবে ডিএইচএসের দেওয়া তথ্যে কিছুটা অস্পষ্টতা রয়েছে। কারণ, দেশের ভেতর থেকে গ্রেপ্তার ও সীমান্ত বা বিমানবন্দর থেকে ফেরত পাঠানোর সংখ্যা সংস্থাটি আলাদাভাবে দেয়নি।
বিজ্ঞাপন
এদিকে ডেমোক্র্যাটরা ট্রাম্পের এই অভিবাসনবিরোধী অভিযান বন্ধে তৎপর হওয়ার প্রস্তুতি নিচ্ছেন। কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের হোমল্যান্ড সিকিউরিটি কমিটির সম্ভাব্য চেয়ারম্যান ও মিসিসিপির ডেমোক্র্যাট সংসদ সদস্য বেনি থম্পসন রয়টার্সকে বলেন, ‘আমেরিকানদের বিরুদ্ধে ডিএইচএসকে অস্ত্র হিসেবে ব্যবহার এবং প্রশাসনের নিয়ন্ত্রণহীন অভিবাসন নীতির বিষয়ে আমরা তদন্ত করব।’