ফ্লাইট বুকিংয়ে এআই এজেন্টের ব্যবহার সীমিত করল ইউনাইটেড এয়ারলাইনস
নিরাপত্তা ও প্রাইভেসি ঝুঁকি এড়াতে টিকিট কাটার নীতিমালায় পরিবর্তন আনল এয়ারলাইনটি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ:
নিজেদের ওয়েবসাইট, থার্ড পার্টির ট্রাভেল এজেন্সি ও ফ্লাইট এগ্রিগেটরগুলোর মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এজেন্টদের ফ্লাইট বুকিং সীমিত করতে টিকিট কাটার নীতিমালা পরিবর্তনের ঘোষণা দিয়েছে ইউনাইটেড এয়ারলাইনস। প্রযুক্তি সংবাদের সাইট এনগ্যাজেট-এর প্রতিবেদন অনুযায়ী, নিরাপত্তা ও প্রাইভেসি সংক্রান্ত ঝুঁকি এড়াতে জেপি মরগান চেজ ও অ্যামাজনের মতো কোম্পানির কাতারে শামিল হয়ে এয়ারলাইনটিও নিজেদের সেবায় এআই এজেন্টদের ব্যবহার বন্ধের এই পদক্ষেপ নিল।
বিজ্ঞাপন
ইউনাইটেড এয়ারলাইনস জানিয়েছে, কোনো এআই এজেন্টকে অর্থ লেনদেনের তথ্য বা লগ-ইন পাসওয়ার্ড দেওয়ার ফলে সংবেদনশীল তথ্য ফাঁস হয়ে যাওয়ার ঝুঁকি থাকে। এর মাধ্যমে ‘অনাকাঙ্ক্ষিত কেনাকাটা, অ্যাকাউন্ট পরিবর্তনের’ মতো ঘটনাও ঘটতে পারে বলে আশঙ্কা করছে প্রতিষ্ঠানটি। এছাড়া, ফ্লাইট চেক-ইনের সময় যাত্রীর ব্যাগে বিস্ফোরক দ্রব্য নেই—এমন ঘোষণা কেবল একজন মানুষই দিতে পারেন, যা মার্কিন পরিবহন বিভাগ ও ‘ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন’ বা এফএএ-এর বিধিমালা অনুযায়ী প্রযোজ্য।
মেটার ‘মিউজ’ এআই এজেন্ট এক ব্যবহারকারীর ঠিকানা অনলাইনে ফাঁস করেছিল, এমন বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে চায় না ইউনাইটেড। এছাড়া গ্রাহকদের সাথে সরাসরি সম্পর্কের মাঝে এআই-কে কোনো বাধা হিসেবেও দেখতে চায় না তারা। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী, ইউনাইটেডের প্রধান নির্বাহী স্কট কার্বি এজেন্ট-ভিত্তিক বাণিজ্যে যোগ হওয়ার বিষয়ে কোম্পানির অনীহার কথা জানিয়েছেন।
মঙ্গলবার এক অনুষ্ঠানে স্কট কার্বি বলেন, “সত্যি বলতে, আমি নতুন কোনো মধ্যস্বত্বভোগী তৈরি করতে চাই না।” যদিও সব এয়ারলাইন একই পথে হাঁটছে না, উদাহরণস্বরূপ সাউথওয়েস্ট এয়ারলাইনস চ্যাটজিপিটির মাধ্যমে ফ্লাইট বুক করার সুবিধা দিতে প্লাগইন তৈরি করেছে। তবে বর্তমানে এআই এজেন্টভিত্তিক কেনাকাটা বা ‘এজেন্টিক কমার্স’ মানুষের মধ্যে খুব একটা জনপ্রিয়তা পায়নি, যা ইউনাইটেড এয়ারলাইনসের মতো কোম্পানিগুলোর জন্য স্বস্তির বিষয়।