যুক্তরাষ্ট্রের আকাশপথ নিয়ে ট্রাম্পকে ব্রিফ, নেই কোনো হুমকি
দেশটির স্বরাষ্ট্র নিরাপত্তামন্ত্রী মার্কওয়েন মুলিন জানিয়েছেন, এ ঘটনায় আপাতত কোনো হুমকির ইঙ্গিত নেই
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ:
যুক্তরাষ্ট্রের আকাশপথে উড়োজাহাজ চলাচল বন্ধের ঘটনায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিস্তারিত অবহিত করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্র নিরাপত্তামন্ত্রী মার্কওয়েন মুলিন জানিয়েছেন, এ ঘটনায় এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের জন্য কোনো হুমকির ইঙ্গিত পাওয়া যায়নি। তবে যোগাযোগব্যবস্থায় কেন এই বিপর্যয় ঘটল, তার কারণ এখনো অজানা। পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে বলে জানান তিনি।
বিজ্ঞাপন
সাইবার হামলা কিংবা কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) কোনো ত্রুটির কারণে এমন বিপর্যয় ঘটল কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মুলিন বলেন, ‘এই মুহূর্তে কোনো সম্ভাবনাই উড়িয়ে দেওয়া যায় না।’ তবে তিনি পুনরায় আশ্বস্ত করে বলেন, ‘জনসাধারণের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।’ মুলিন জানান, যুক্তরাষ্ট্রের দুটি অঞ্চলে যোগাযোগব্যবস্থা সচল রয়েছে, যদিও অঞ্চল দুটির নাম তিনি প্রকাশ করেননি। আকাশে থাকা সব উড়োজাহাজের অবস্থানও নিশ্চিত করা গেছে বলে তিনি জানিয়েছেন।
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই মনে করছে, এ বিপর্যয়ের পেছনে কোনো সাইবার হামলা বা অপরাধমূলক কর্মকাণ্ড নেই। বিষয়টি অবগত এক ব্যক্তির বরাত দিয়ে ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়, কোনো সফটওয়্যার হালনাগাদ করার সময় এ ত্রুটি হয়েছে কি না, তা তদন্তকারীরা খতিয়ে দেখছেন। তবে এখনো কারণ নিশ্চিত হওয়া যায়নি। এদিকে যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া দপ্তরও ইন্টারনেট ও যোগাযোগের সমস্যার কথা স্বীকার করেছে, যার ফলে তাদের ওয়েবসাইটে তথ্য দেখার ক্ষেত্রে বিঘ্ন ঘটছে।
স্থানীয় সময় শুক্রবার যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) ‘অস্বাভাবিক পরিস্থিতি’ ও নিরাপত্তার কারণ দেখিয়ে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব বিমানবন্দর থেকে উড্ডয়ন বন্ধ রাখার নির্দেশ দেয়। বিকেল ৩টা ৫৪ মিনিটে এই নিষেধাজ্ঞা কার্যকর হয় এবং বিকেল সাড়ে পাঁচটা নাগাদও তা বহাল ছিল। ২০২৩ সালের জানুয়ারিতে ফ্লাইটের উড্ডয়ন বন্ধের নির্দেশ প্রায় ৯৫ মিনিট কার্যকর ছিল, শুক্রবারের এই নিষেধাজ্ঞা এরই মধ্যে সেই সময়সীমা ছাড়িয়ে গেছে।
যুক্তরাষ্ট্রের আকাশপথের এই বিঘ্নের প্রভাব পড়েছে আন্তর্জাতিক ফ্লাইটেও। ইউরোপের ৪২টি দেশের বিমান চলাচল সমন্বয়কারী সংস্থা ইউরোকন্ট্রোল জানিয়েছে, এফএর অনুরোধে ইসরায়েলসহ সদস্যদেশগুলো থেকে যুক্তরাষ্ট্রগামী সব ফ্লাইটের উড্ডয়ন স্থগিত করা হয়েছে। যুক্তরাজ্যের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ যাত্রীদের সতর্ক করে জানিয়েছে, যুক্তরাষ্ট্রগামী বা সেখান থেকে আসা ফ্লাইটে বড় ধরনের বিঘ্ন ঘটতে পারে। মেক্সিকো সিটির বেনিতো হুয়ারেজ আন্তর্জাতিক বিমানবন্দরও একই ধরনের সমস্যার কথা জানিয়েছে।
বিজ্ঞাপন
পুরো পরিস্থিতি সামাল দিতে কিছুটা সময় লাগবে বলে জানিয়েছেন মার্কওয়েন মুলিন। তিনি স্পষ্ট করে বলেন, এক ঘণ্টার মধ্যে সবকিছু ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা নেই। বিমান চলাচল বিশ্লেষক রবার্ট মান জানিয়েছেন, নিষেধাজ্ঞা সন্ধ্যা পর্যন্ত বজায় থাকলে উড়োজাহাজ সংস্থাগুলোর ফ্লাইট নেটওয়ার্ক স্বাভাবিক হতে সপ্তাহান্ত পর্যন্ত সময় গড়াতে পারে।
এদিকে যুক্তরাষ্ট্রের সিনেটের বাণিজ্য, বিজ্ঞান ও পরিবহনবিষয়ক কমিটি এই ঘটনাকে বিমান চলাচল নিয়ন্ত্রণব্যবস্থার অবকাঠামো আধুনিকীকরণের প্রয়োজনীয়তা হিসেবে দেখছে। রিপাবলিকান সিনেটর টেড ক্রুজের নেতৃত্বাধীন কমিটি জানিয়েছে, বর্তমানে ২২টি এয়ার রুট ট্রাফিক কন্ট্রোল সেন্টার উড়োজাহাজ চলাচল নিয়ন্ত্রণ করছে। অথচ প্রেসিডেন্ট লিন্ডন বি জনসনের আমলের পর থেকে দেশটিতে নতুন কোনো নিয়ন্ত্রণকেন্দ্র নির্মাণ করা হয়নি।