বাঁশখালীতে বাবার ঝুলন্ত মরদেহ ও দুই যমজ মেয়ের লাশ উদ্ধার
চট্টগ্রামের বাঁশখালীতে ঘরের ভেতর থেকে এক ব্যক্তি ও তাঁর পাঁচ মাস বয়সী দুই যমজ মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
চট্টগ্রাম জেলা প্রতিনিধি · বাঁশখালী, চট্টগ্রাম
প্রকাশ:
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মধ্যম পুঁইছড়ি মাওলার পাড়ায় শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানান, শ্বশুরবাড়ির একটি কক্ষের বিমের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মো. জাহেদ হোসেন (৫০) নামের এক ব্যক্তির মরদেহ পাওয়া যায়। একই কক্ষের মেঝেতে তাঁর পাঁচ মাস বয়সী যমজ মেয়ে জারিন জান্নাত ও জাসিয়া জান্নাতের মরদেহ পড়ে ছিল।
বিজ্ঞাপন
নিহত জাহেদ হোসেন চাম্বল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পূর্ব চাম্বল আজানী পাড়ার বদিউল আলমের ছেলে। ঘটনার সময় জাহেদের স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজন পারিবারিক কাজে বাইরে ছিলেন। তাঁরা বাড়িতে ফিরে বিষয়টি জানতে পারেন। স্থানীয় সূত্রে জানা গেছে, দেড় বছর আগে শামশুল আলমের মেয়ে আফিয়া বেগমের সঙ্গে জাহেদের বিয়ে হয় এবং বিয়ের পর থেকে তাঁরা শ্বশুরবাড়িতেই থাকতেন।
বাঁশখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, সন্ধ্যা ছয়টার দিকে তাঁদের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। উদ্ধারকারী দলটি ঘরের ভেতর জাহেদ হোসেনকে বিমে ঝুলন্ত অবস্থায় এবং মেঝেতে দুই শিশুকে পাশাপাশি মৃত অবস্থায় পায়। সে সময় ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল বলে জানা গেছে।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক জানান, মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।