জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা শেষে ফেরার পথে হামলায় বিএনপির ৬ কর্মী আহত
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সমাধিতে শ্রদ্ধা জানিয়ে ফেরার পথে এই হামলার ঘটনা ঘটে।
চট্টগ্রাম জেলা প্রতিনিধি · রাউজান, চট্টগ্রাম
প্রকাশ:
শনিবার বেলা তিনটার দিকে চট্টগ্রামের রাউজান উপজেলার কাপ্তাই সড়ক–সংলগ্ন জিয়া নগর ও চট্টগ্রাম তাপবিদ্যুৎ কেন্দ্রের মধ্যবর্তী স্থানে বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলার ঘটনা ঘটে। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চুয়েট ক্যাম্পাস–সংলগ্ন সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে ফেরার পথে ২০-৩০ জনের একটি দল লাঠিসোঁটা নিয়ে তাদের ওপর হামলা চালায়।
বিজ্ঞাপন
হামলায় আহতরা হলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন (৬০), উপজেলা শ্রমিক দলের সভাপতি মোজাম্মেল হোসেন (৪০), উপজেলা মুক্তিযোদ্ধা দলের সহসভাপতি মোহাম্মদ ফারুক (৪০), উপজেলা জাসাসের সভাপতি আল মারুফ (৩৫) ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির (৩৫) এবং বাগোয়ান ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ মহিউদ্দিন (৩৮)। লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে আহত করার পর তারা স্থানীয় বিভিন্ন বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
আহত উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন দাবি করেন, হামলাকারীরা রড ও লাঠি দিয়ে তার মাথা ও পায়ে আঘাত করেছে, এতে তার মাথা ফেটে গেছে। তিনি অভিযোগ করেন, দলেরই একটি অংশ এই হামলার সঙ্গে জড়িত। তিনি আরও বলেন, কর্মসূচির বিষয়টি আগে থেকেই স্থানীয় থানা-পুলিশ ও গোয়েন্দা সংস্থাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়েছিল, কিন্তু পুলিশ ঘটনাস্থলের কাছাকাছি থাকলেও কার্যকর ভূমিকা নেয়নি।
এ বিষয়ে রাউজান-রাঙ্গুনিয়া পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মুহাম্মদ বেলায়াত হোসেন জানান, তিনি দলের দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও হট্টগোলের কথা শুনেছেন। তবে মারামারির বিষয়ে কেউ পুলিশকে জানায়নি বলে তিনি উল্লেখ করেন।