বন্ধুত্বের উষ্ণতা আর আড্ডা মিলে কাটল এক বিকেল
আড্ডায় গানের কলি, কৌতুক এবং ভবিষ্যৎ পরিকল্পনা আলোচনা হয়
চট্টগ্রাম জেলা প্রতিনিধি · চট্টগ্রাম
প্রকাশ:
৩১ অক্টোবর বিকেলে বেলা সাড়ে তিনটার দিকে চট্টগ্রাম বন্ধুসভা সদস্যরা লাভ লেইনস্থ মেরিটাইম মিউজিয়ামে একত্রিত হন। উপস্থিত ছিলেন চাকরিজীবী, ব্যবসায়ী, শিক্ষক ও শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার সদস্যরা, যারা অফিস শেষ করে বা পরিবারের দায়িত্ব সামলে সময় বের করে এসেছেন।
বিজ্ঞাপন
আড্ডা স্কুল‑কলেজের দুরন্ত দিনের গল্প দিয়ে শুরু হয়, এরপর চট্টগ্রামের পুরোনো স্মৃতি, বর্তমান জীবনের অভিজ্ঞতা ও অর্জনের আলোচনা হয়। গানের কলি, কৌতুক এবং চট্টগ্রামের আঞ্চলিক ভাষার মজাদার সংলাপ পরিবেশকে প্রাণবন্ত করে তুলেছে।
সদস্যরা সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন, বন্ধুদের বিপদে পাশে দাঁড়ানো, সামাজিক কাজে অংশগ্রহণ এবং নিয়মিত মিলনমেলা আয়োজনের ওপর আগ্রহ প্রকাশ করেন।
বন্ধু নাওয়ারা নবী বলেন, ‘যান্ত্রিক জীবনে আমরা এতটাই ব্যস্ত যে বন্ধুদের জন্য সময় বের করাই কঠিন। এমন একটা বিকেল সারা সপ্তাহের ক্লান্তি ভুলিয়ে দেয়। বন্ধুত্বই সবচেয়ে বড় প্রাপ্তি।’ বন্ধু রাজু পাল যোগ করেন, ‘এই বন্ধুসভা আমাদের আড্ডার জায়গা নয় শুধু, ভরসারও জায়গা বটে।’
আয়োজনের সমন্বয়কারী ছিলেন সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা; উপস্থিত ছিলেন অর্থসম্পাদক ফয়সাল হাওলাদার, সহসাংগঠনিক সম্পাদক জয় চক্রবর্ত্তী, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক কামরান চৌধুরী, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক আফিফ ইব্রাহীম, দপ্তর সম্পাদক সাকিব জিশান, প্রচার সম্পাদক প্রান্তিকা ভৌমিক, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক আমেনা আক্তার, বইমেলা সম্পাদক সামিয়া সুলতানা এবং অন্যান্য সদস্যরা। সন্ধ্যা গড়িয়ে রাত নামতেই আড্ডার ইতি ঘটে, সবাই আবার একত্রিত হওয়ার প্রত্যয় জানিয়ে বিদায় নেন।