লরির ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রী নিহত, সড়ক অবরোধে তীব্র যানজট
দুর্ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীদের অবরোধে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে।
চট্টগ্রাম জেলা প্রতিনিধি · চট্টগ্রাম
প্রকাশ:
চট্টগ্রামের সীতাকুণ্ডে লরির ধাক্কায় উল্টে যাওয়া মিনিবাসের চাপায় আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) এক শিক্ষার্থী নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে সোনাইছড়ি ইউনিয়নে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের কাছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থীর নাম মাইশা মুশফিরাত, তিনি ইংরেজি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক ছাত্রীসহ মোট তিনজন।
বিজ্ঞাপন
দুর্ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা যায়, দুটি লরি প্রতিযোগিতামূলকভাবে যাওয়ার সময় একটি লরি থেমে থাকা মিনিবাসটিকে ধাক্কা দেয়। এতে বাসটি কাত হয়ে উল্টে পড়ে। বার আউলিয়া হাইওয়ে থানার সার্জেন্ট শফিউল ইসলাম জানান, সকাল সাড়ে নয়টার দিকে ওই ছাত্রী বাস থেকে নামার পর বাসটি উল্টে চাপা পড়ে। তিনি আরও বলেন, ‘স্থানীয় লোকজন লরি দুটিকে জব্দ করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জব্দ লরি দুটি ও মিনিবাসটি উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে আসে। পরে শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করেছেন। তাঁদের সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে।’
নিহত হওয়ার ঘটনায় বেলা সাড়ে ১১টার দিকে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করলে উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দুপুর ১২টা ৪০ মিনিট পর্যন্ত এই অবরোধ অব্যাহত ছিল। আইআইইউসির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ষষ্ঠ সেমিস্টারের ছাত্র শাহ নেওয়াজ চৌধুরী বলেন, ‘দুর্ঘটনার আশঙ্কায় তাঁরা দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয় এলাকায় পদচারী-সেতু নির্মাণের দাবি জানিয়ে আসছেন। দুর্ঘটনায় শিক্ষার্থী নিহতের প্রতিবাদ ও পদচারী-সেতুর দাবিতে তাঁরা মহাসড়ক অবরোধ করেছেন।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোস্তফা মুনির চৌধুরী জানান, সকালে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী বাস থেকে নামার সময় দুর্ঘটনায় নিহত হয়েছেন। আরেক শিক্ষার্থী গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন এবং তিনি বিষয়টি দেখভাল করছেন। আহত অপর শিক্ষার্থীসহ বাকি দুইজনের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।