গাজীপুরে পোশাকশ্রমিকরা ঢাকা‑টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ১২ কারখানায় ছুটি
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন শ্রমিকেরা।
গাজীপুর জেলা প্রতিনিধি · গাজীপুর
প্রকাশ:
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে আজ মঙ্গলবার সকাল নয়টার দিক থেকে গাজীপুরের নাওজোর এলাকায় ঢাকা–টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন পোশাকশ্রমিকেরা। শ্রমিকদের এই আন্দোলনের মুখে গাজীপুরে ১২টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছে গাজীপুর শিল্পাঞ্চল পুলিশ।
বিজ্ঞাপন
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সকাল থেকেই মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিজিবি, শিল্প পুলিশ ও থানা-পুলিশের সদস্যদের সতর্ক অবস্থানে দেখা গেছে। তবে সকাল নয়টার আগে থেকেই শ্রমিকেরা রাস্তায় নামতে শুরু করেন এবং একপর্যায়ে ঢাকা–টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে ফেলেন।
গত কয়েক দিন ধরে কালিয়াকৈরের চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, মৌচাক, সফিপুর ও কোনাবাড়ীসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ চালিয়ে আসছেন শ্রমিকেরা। এসব ঘটনায় কোনাবাড়ী, বাসন ও কালিয়াকৈর থানায় পুলিশ বাদী হয়ে তিনটি মামলা দায়ের করেছে।
পুলিশের দেওয়া তথ্যমতে, মামলাগুলোতে কয়েক হাজার শ্রমিককে আসামি করা হয়েছে। এ ছাড়া আন্দোলনে অংশগ্রহণ ও উসকানি দেওয়ার অভিযোগে কয়েকজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।