পোশাকশ্রমিকদের বিক্ষোভে গাজীপুরে দেড় শতাধিক কারখানায় ছুটি
মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিকদের সঙ্গে পুলিশ ও বিজিবির সংঘর্ষে সাংবাদিকসহ আহত হয়েছেন কয়েকজন
গাজীপুর জেলা প্রতিনিধি · গাজীপুর
প্রকাশ:
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে সোমবার আবারও রাস্তায় নেমেছেন গাজীপুরের পোশাকশ্রমিকেরা। শ্রমিকদের আন্দোলনের মুখে গাজীপুরের অন্তত দেড় শতাধিক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। বিক্ষুব্ধ শ্রমিকেরা বিভিন্ন স্থানে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করছেন।
বিজ্ঞাপন
সকাল থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর পল্লী বিদ্যুৎ ও চন্দ্রা এলাকায় শ্রমিকেরা অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন। বেলা ১১টার দিকে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ ও বিজিবি সদস্যরা ধাওয়া দিলে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় আন্দোলনকারীদের ছোড়া ইটের আঘাতে বিজিবির এক সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে।
দুপুর ১২টার দিকে গাজীপুর মহানগরীর নাওজোর এলাকায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় আন্দোলনকারীরা পুলিশের তিনটি গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। একই এলাকায় সময় টিভির প্রতিবেদক ও ক্যামেরাপারসনের ওপর হামলার ঘটনা ঘটে এবং তাদের ক্যামেরা ভাঙচুর করা হয়। এর আগে বিভিন্ন স্থানে একাধিক সাংবাদিকের ওপর হামলা, মারধর ও মুঠোফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিজিবি, জেলা ও মহানগর পুলিশ এবং শিল্প পুলিশ যৌথভাবে কাজ করছে। গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসেন জানান, আজও শ্রমিকেরা বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন এবং নিরাপত্তার খাতিরে দেড় শতাধিক কারখানায় ছুটি ঘোষণা করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।