রোববার তৈরি পোশাকশিল্পের নিম্নতম মজুরি বোর্ড গঠন: শ্রমমন্ত্রী
শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠক শেষে নতুন মজুরি বোর্ড গঠনের ঘোষণা দিলেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
অর্থনীতি ডেস্ক · ঢাকা
প্রকাশ:
তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের জন্য নতুন নিম্নতম মজুরি বোর্ড গঠন করা হবে আগামী রোববার (১ নভেম্বর)। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর মিন্টো রোডে নিজের সরকারি বাসভবনে শ্রমিক ফেডারেশনের বিভিন্ন জোটের নেতাদের সঙ্গে বৈঠক শেষে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী এ তথ্য জানান।
বিজ্ঞাপন
প্রায় আড়াই ঘণ্টা স্থায়ী এই বৈঠকে পোশাকশিল্পের নতুন মজুরি বোর্ড গঠন, বকেয়া মজুরি পরিশোধ এবং শ্রমিক ছাঁটাইয়ের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বৈঠকে উপস্থিত শ্রমিক নেতারা জানান, মন্ত্রী জানিয়েছেন আগামী রোববার মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিদের নাম চূড়ান্ত করে মজুরি বোর্ডে পাঠানো হবে এবং ওই দিনই নতুন বোর্ড গঠনের প্রজ্ঞাপন জারি করা হবে।
শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে মনোনয়নের জন্য শ্রমিকনেতা বাবুল আখতার, তৌহিদুর রহমান ও সুলতানা আক্তারের নাম প্রস্তাব করা হয়েছে। মন্ত্রী শ্রমিক নেতাদের আগামীকালের মধ্যে চূড়ান্ত নাম জমা দেওয়ার তাগিদ দিয়েছেন।
বৈঠকে উপস্থিত ছিলেন শ্রমিকনেতা মন্টু ঘোষ, মোশরেফা মিশু, বাবুল আখতার, নাজমা আক্তার ও তসলিমা আখতার। এ ছাড়া পোশাক শ্রমিকদের সমস্যা সমাধানে একটি টাস্কফোর্স গঠনের বিষয়ে আলোচনা হলেও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। বকেয়া মজুরি পরিশোধে মালিক ও শ্রমিক নেতাদের কাজ করার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, কারখানা বন্ধের আগে অবশ্যই সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করতে হবে।