শনিবার অনুষ্ঠিত হবে কৃত্রিম বুদ্ধিমত্তা অলিম্পিয়াডের জাতীয় পর্ব
ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউটে সারা দেশের ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির অর্ধশতাধিক শিক্ষার্থী অংশ নেবে।
প্রযুক্তি ডেস্ক · ঢাকা
প্রকাশ:
আগামী শনিবার ৩১ অক্টোবর আন্তর্জাতিক কৃত্রিম বুদ্ধিমত্তা অলিম্পিয়াডের (আইএআইও) বাংলাদেশ দল নির্বাচনের জাতীয় পর্ব অনুষ্ঠিত হতে যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউটে (আইআইটি) সকাল সাড়ে আটটা থেকে বিকেল তিনটা পর্যন্ত এই প্রতিযোগিতা চলবে। বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) দ্বিতীয়বারের মতো এই প্রতিযোগিতার আয়োজন করেছে, যেখানে নলেজ ও ভেন্যু পার্টনার হিসেবে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইআইটি।
বিজ্ঞাপন
আয়োজকদের তথ্যমতে, দেশের ১৪টি জেলা ও ৪০টির বেশি শিক্ষাপ্রতিষ্ঠানের ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির অর্ধশতাধিক শিক্ষার্থী এবার নিবন্ধন করেছে। নিবন্ধনকারীদের মধ্যে অর্ধেকের বেশি শিক্ষার্থী এর আগেও বাংলাদেশ এআই অলিম্পিয়াডে অংশ নিয়েছে এবং একক প্রতিষ্ঠান হিসেবে সবচেয়ে বেশি শিক্ষার্থী নটর ডেম কলেজ থেকে নিবন্ধিত হয়েছে।
প্রতিযোগিতার জাতীয় পর্বে দুটি পরীক্ষা অনুষ্ঠিত হবে; প্রথম ধাপে লিখিত গাণিতিক পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষতা যাচাই করা হবে এবং দ্বিতীয় ধাপে ‘কাগল’ প্ল্যাটফর্মে মেশিন লার্নিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। জাতীয় পর্বে ভালো করা শিক্ষার্থীরা ২ ও ৩ নভেম্বর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে উচ্চতর প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেওয়ার সুযোগ পাবে। এরপর ৬ ও ৭ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইআইটিতে চূড়ান্ত দল নির্বাচনের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ এআই অলিম্পিয়াডের টিম লিডার হিসেবে দায়িত্ব পালন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. বি এম মইনুল হোসেন। কোচ হিসেবে রয়েছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আজম খান এবং একাডেমিক কো-অর্ডিনেটর হিসেবে আছেন তাসনিম মাহফুজ নাফিস। কয়েক ধাপের বাছাই শেষে নির্বাচিত শিক্ষার্থীরা ২০২৭ সালের ২৫ ফেব্রুয়ারি ভিয়েতনামে অনুষ্ঠেয় আইএআইওতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে।